Rinku Singh News: রিঙ্কু সিংকে আঞ্চলিক ক্রীড়া আধিকারিক (Regional Sports Officer) হিসেবে নিয়োগ করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh Government)। ভারতীয় দলের হয়ে সম্প্রতি টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) চ্যাম্পিয়ন হয়েছেন রিঙ্কু। এবার তিনি কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে আইপিএল ২০২৬-এ (IPL 2026) খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। টি-২০ বিশ্বকাপ চলাকালীন বাবাকে হারিয়েছেন এই তারকা ব্যাটার। তবে পরিবারের এই বিপর্যয়ে ভেঙে না পড়ে বাবার শেষকৃত্য সেরে নেওয়ার পর ভারতীয় দলে যোগ দেন রিঙ্কু। বাবা প্রয়াত হওয়ায় তাঁর দায়িত্ব বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশ সরকারের আধিকারিক হিসেবে নিযুক্ত হলে তা রিঙ্কু ও তাঁর পরিবারের পক্ষে সুবিধাজনক হবে।
ক্রীড়াবিদরা সাফল্য পেলে তাঁদের বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। যে ক্রীড়াবিদরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য পাচ্ছেন, তাঁদের সরকারি চাকরি, আর্থিক পুরস্কার এবং বিশেষ সরকারি পুরস্কার দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশ সরকারের এই নীতির ফলেই সরকারি আধিকারিক হিসেবে নিযুক্ত হচ্ছেন রিঙ্কু।
রিঙ্কুর পাশাপাশি আরও কয়েকজন ক্রীড়াবিদকেও পুরস্কৃত করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। আন্তর্জাতিক স্তরে পদক জেতা মোট ছয়জন ক্রীড়াবিদকে বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে। প্যারিস অলিম্পিক্সে (2024 Summer Olympics Paris) ভারতীয় হকি দলের (Indian Men's Hockey Team) হয়ে ব্রোঞ্জ জেতা রাজকুমার পালকে ডেপুটি পুলিশ সুপার (Deputy Superintendent of Police) হিসেবে নিয়োগ করা হচ্ছে। উত্তরপ্রদেশের গাজিপুরের (Ghazipur) বাসিন্দা রাজকুমার। প্যারালিম্পিক্সে (Paralympics) হাই জাম্পে সোনাজয়ী প্রবীণ কুমারকেও ডেপুটি পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হচ্ছে। এই প্যারালিম্পিয়ান গৌতম বুদ্ধ নগরের (Gautam Buddh Nagar) বাসিন্দা। প্যারালিম্পিক্সে জ্যাাভলিন থ্রোয়ে রুপো পাওয়া অজিত সিংকে (Ajit Singh) জেলা পঞ্চায়েত রাজ আধিকারিক হিসেবে নিয়োগ করা হবে। তিনি এটাওয়ার (Etawah) বাসিন্দা। প্যারালিম্পিক্সে ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পাওয়া সিমরনকেও (Simran) জেলা পঞ্চায়েত রাজ আধিকারিক হিসেবে নিয়োগ করা হবে। এই অ্যাথলিট গাজিয়াবাদের (Ghaziabad) বাসিন্দা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।