
IPL 2026: অলরাউন্ডার নন। তাই রোহিত শর্মাকে (Rohit Sharma) কীভাবে ব্যবহার করা যাবে, তা বুঝতে পারছে না মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) টিম ম্যানেজমেন্ট। এই ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene) বলেছেন, 'আমাদের দল দেখুন, বেশিরভাগ ক্রিকেটারই অলরাউন্ডার। ওরা ভালো বোলিং করে। ফলে অধিনায়ক যদি মনে করে বোলিং করতে পারে এমন খেলোয়াড়দের মাঠে বেশি দরকার, তাহলে আমাকে সেটা নিয়ে ভাবতে হবে। কোন প্রতিপক্ষের বিরুদ্ধে আমরা খেলছি, তার ভিত্তিতে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের দলে শুধু দু'জন এমন ক্রিকেটার আছে যারা অলরাউন্ডার নয়। একজন রোহিত শর্মা এবং অপরজন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আপনারা কি আমাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারেন?'
রোহিতের বিষয়ে জয়বর্ধনে আরও বলেছেন, ‘গত মরসুমে রোহিতের সামান্য চোট ছিল। এই কারণে আমরা ওকে ইমপ্যাক্ট সাব হিসেবে ব্যবহার করেছি। ওর চোটের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিতে হয়েছিল। ও মাঠে থাকুক বা না থাকুক, এখনও দলে ওর বিশাল প্রভাব রয়েছে। এ বছর যত বেশি সম্ভব আমি ওকে মাঠে রাখতে চাই। কিন্তু আমরা যখন বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করব বা ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কাউকে মাঠে নামাব, তখন ম্যাচের পরিস্থিতি দেখতে হবে। কোন সময় ইমপ্যাক্ট প্লেয়ার মাঠে নামছে, সেই সময় অন্য সব খেলোয়াড়ের মাঠে থাকা দরকার কি না, সেসব বিবেচনা করতে হবে।’
সোমবার মুম্বই ইন্ডিয়ানসের প্রস্তুতি শিবির শুরু হয়েছে। নেটে ব্যাটিং অনুশীলনের সময় রোহিতকে ছন্দে দেখা যাচ্ছে। এই তারকা ব্যাটার এবারও ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশায় দল। টিম ম্যানেজমেন্টও এই অভিজ্ঞ ব্যাটারের উপর ভরসা রাখছে। দলের সবার আশা, এবারের আইপিএল-এও ভালো পারফরম্যান্স দেখাবেন রোহিত। তিনি ওপেনার হিসেবে দলের অন্যতম ভরসা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।