
IPL 2026: ২২৮ রানের টার্গেট তাড়া করতে নেমে নয় বল বাকি থাকতে পাঁচ উইকেটে জয়! টি-২০ ফর্ম্যাটে এই পারফরম্যান্স একেবারেই সহজ নয়। কিন্তু শনিবার রাতে আইপিএল-এর ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সহজেই জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ (Rajasthan Royals vs Sunrisers Hyderabad)। ম্যাচের শুরুতে মনে হচ্ছিল, ঘরের মাঠ জয়পুরের (Jaipur) সওয়াই মানসিং স্টেডিয়ামে (Sawai Mansingh Stadium) জয় পাবে রাজস্থান। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। ঘরের মাঠে প্রথমে ব্যাটিং করতে নেমে ছয় উইকেট হারিয়ে ২২৮ রান করে রাজস্থান। রান তাড়া করতে নেমে ১৮.৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নিল হায়দরাবাদ। এই জয়ের ফলে সাত ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে লিগ টেবলে চতুর্থ স্থানে উঠে এল কামিন্সের দল। অন্যদিকে, সাত ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে হায়দরাবাদের ঠিক উপরের ধাপে থাকল রাজস্থান।
এদিন রাজস্থানের হয়ে অসাধারণ ব্যাটিং করেন কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তিনি ৩৬ বলে শতরান পূরণ করার পর ৩৭ বলে ১০৩ রান করে আউট হয়ে যান। এই কিশোর পাঁচটি বাউন্ডারি ও এক ডজন ওভার-বাউন্ডারি মারেন। উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল (Dhruv Jurel) ৩৫ বলে ৫১ রান করেন। ডনোভান ফেরেইরা (Donovan Ferreira) ১৬ বলে ৩৩ রান করেন। হায়দরাবাদের ওপেনার ট্রেভিস হেড (Travis Head) ছয় রান করে আউট হয়ে গেলেও, অপর ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) দুর্দান্ত ব্যাটিং করেন। তিনি ২৯ বলে ১১টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারির সাহায্যে ৫৭ রান করেন। অধিনায়ক ঈশান কিষান (Ishan Kishan) ৩১ বলে ৭৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তিনি ১১টি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। হেইনরিক ক্লাসেন (Heinrich Klaasen) ২৪ বলে ২৯ রান করেন। নীতীশ কুমার রেড্ডিও (Nitish Kumar Reddy) ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ১৮ বলে ৩৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল জোড়া বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি।
বৈভব ঝোড়ো শতরান করলেও, অসাধারণ ইনিংস খেলার জন্য ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ঈশান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।