Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad: শনিবার বেঙ্গালুরুর (Bengaluru) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M.Chinnaswamy Stadium) এবারের আইপিএল-এর (IPL 2026) উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ব্যাটিং দেখা গেল। সানরাইজার্স হায়দরাবাদের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও অসাধারণ ব্যাটিং করল।

DID YOU
KNOW
?
বিরাটের অর্ধশতরান
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অপরাজিত অর্ধশতরান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জেতালেন বিরাট কোহলি।

IPL 2026 Opening Match: জয় দিয়েই আইপিএল ২০২৬ অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M.Chinnaswamy Stadium) সানরাইজার্স হায়দরাবাদকে (Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad) সহজেই হারিয়ে দিল আরসিবি। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পতিদার (Rajat Patidar)। তাঁর এই সিদ্ধান্ত ঠিক কি না, সে বিষয়ে আলোচনা শুরু হয়েছিল। প্রথমে ব্যাটিং করতে নেমে নয় উইকেট হারিয়ে ২০১ রান করে হায়দরাবাদ। অধিনায়ক ঈশান কিষান (Ishan Kishan) অসাধারণ ব্যাটিং করেন। তিনি ৩৮ বলে ৮০ রান করেন। তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি। অনিকেত ভার্মাও (Aniket Verma) ঝোড়ো ব্যাটিং করেন। তিনি ১৮ বলে তিনটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারির সাহায্যে ৪৩ রান করেন। হেইনরিক ক্লাসেন (Heinrich Klaasen) ২২ বলে ৩১ রান করেন। কিন্তু তাঁদের এই লড়াই কাজে লাগল না।

বিরাট-দেবদত্তর অসাধারণ ব্যাটিং

আরসিবি-র হয়ে ঝোড়ো ব্যাটিং করেন দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal)। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে তিনি ২৬ বলে ৬১ রান করেন। তাঁর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি। বিরাট কোহলি (Virat Kohli) ৩৮ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। তিনি পাঁচটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। পতিদার ইনিংসের শুরুটা দুর্দান্তভাবে করলেও, বেশিদূর এগোতে পারেননি। তিনি ১২ বলে ৩১ রান করেন। তাঁর ইনিংসে ছিল জোড়া বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। টিম ডেভিড (Tim David) ১০ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। ১৫.৪ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় আরসিবি। পরপর পতিদার ও জিতেশ শর্মার (Jitesh Sharma) উইকেট হারিয়ে বিরাটরা কিছুটা চাপে পড়ে গিয়েছিলেন। কিন্তু তারপরেও তাঁরা মাথা ঠান্ডা রেখে জয় ছিনিয়ে নিলেন। ছয় উইকেটে জয় পেল আরসিবি

চ্যাম্পিয়নের মতো শুরু আরসিবি-র

২০২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫.৪ ওভারে জয় ছিনিয়ে নিয়ে বিরাটরা বুঝিয়ে দিলেন, তাঁরা এবারের আইপিএল-এও চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। একইসঙ্গে হায়দরাবাদের বোলিং বিভাগের দুর্বলতা প্রকট হয়ে গেল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।