
India tour of Sri Lanka 2026: প্রায় দু'বছর জাতীয় দলের বাইরে থাকার পর ফের টেস্ট দলে ডাক পেলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। মুম্বইয়ের (Mumbai) এই ব্যাটার শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) টেস্ট সিরিজে ভারতীয় দলে জায়গা পেয়েছেন। প্রাথমিক দলে অবশ্য ছিলেন না সরফরাজ। সাই সুদর্শন (Sai Sudharsan) চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্ত হিসেবে দলে ডাক পেলেন সরফরাজ। এই ব্যাটার ২০২৪-২৫ মরসুমে বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy 2024-25) সময় শেষবার ভারতের টেস্ট দলে ছিলেন। এরপর থেকেই নির্বাচকদের পরিকল্পনার বাইরে চলে যান তিনি। ভারতের হয়ে তাঁর শেষ ম্যাচ ছিল ২০২৪ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্টে শতরান করেছিলেন সরফরাজ। তবে তাঁর সেই দুর্দান্ত ইনিংসও ভারতকে রক্ষা করতে পারেনি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ঐতিহাসিক ৩-০ ব্যবধানে সিরিজ হারে ভারত। এবার এই ব্যাটারকে দলে ফেরানো হল।
রবিবার এক বিবৃতিতে বিসিসিআই (BCCI) জানিয়েছে, ‘১৫ আগস্ট ২০২৬ থেকে শুরু হতে চলা প্রথম টেস্টের জন্য দল গলের উদ্দেশে রওনা দেওয়ার আগে কলম্বোয় ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন সরফরাজ খান।’ প্রথম শ্রেণির ক্রিকেটে সরফরাজের রেকর্ড উজ্জ্বল। ৬২টি ম্যাচে তাঁর ব্যাটিং গড় ৬৪.৭৩। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করলেও জাতীয় দলে সুযোগ অবশ্য সীমিতই থেকেছে। এখনও পর্যন্ত ভারতের হয়ে মাত্র ছয়টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় সরফরাজের। প্রথম ম্যাচের দুই ইনিংসেই অর্ধশতরান করেছিলেন তিনি। এখনও পর্যন্ত ছয় টেস্টে তাঁর সংগ্রহ ৩৭১ রান, গড় ৩৭.১০। রয়েছে তিনটি অর্ধশতরান।
এবার দলে ফেরার আগে ফিটনেসের উন্নতি করেছেন সরফরাজ। চলতি বছরে বেশ কিছুটা ওজন কমিয়ে শারীরিকভাবে নিজেকে আরও ফিট করে তুলেছেন তিনি। অতীতে ফিটনেস নিয়ে সমালোচনার মুখে পড়লেও কঠোর পরিশ্রম করে নিজের শারীরিক সক্ষমতায় উল্লেখযোগ্য উন্নতি করেছেন মুম্বইয়ের ব্যাটার। সেই পরিবর্তনের সুফলই এবার পেলেন তিনি। ডান পায়ের বুড়ো আঙুলে স্ট্রেস রিঅ্যাকশনের কারণে এই সিরিজে খেলতে পারবেন না সুদর্শন। বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অব এক্সসেলেন্সে তাঁর রিহ্যাব চলছে। তাঁর ফিটনেসের উন্নতি, হলেও বিসিসিআই-এর মেডিক্যাল টিম এখনও তাঁর পরিস্থিতির উপর নজর রাখছে। ফলে শ্রীলঙ্কা সিরিজে তাঁকে খেলানোর ঝুঁকি নেওয়া হচ্ছে না।
শুবমান গিল (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মানব সুতার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনূর ব্রার, দেবদত্ত পাড়িক্কল, সারাংশ জৈন, অকিব নবি ও সরফরাজ খান।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।