
FIR against Shashank Singh: আইনি জালে ফেঁসে গেলেন আইপিএল-এ (IPL 2026) পাঞ্জাব কিংসের (Punjab Kings) ক্রিকেটার শশাঙ্ক সিং। এই ক্রিকেটার ও তাঁর বাবা শৈলেশ সিংয়ের (Shailesh Singh) বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। শৈলেশ আইপিএস (IPS)। তিনি স্পেশাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (Special Director General of Police) ছিলেন। এখন তিনি অবসরপ্রাপ্ত। শশাঙ্ক ও তাঁর বাবার বিরুদ্ধে তাঁদের বাড়ির রাঁধুনি বীপেন্দ্র সিং তোমরকে (Vipendra Singh Tomar) মারধর, গালিগালাজ করা এবং জোর করে আটকে রাখার অভিযোগ উঠেছে। ভোপালের (Bhopal) রতিবাদ থানায় (Ratibad Police Station) এফআইআর দায়ের করা হয়েছে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রেওয়া জেলার (Rewa District) বাসিন্দা বীপেন্দ্র। তিনি সম্প্রতি শশাঙ্কদের বাংলোয় কাজ করার জন্য ভোপালে আসেন। সেখানেই তাঁকে মারধর, গালিগালাজ করা হয় বলে অভিযোগ। থানায় অভিযোগে জানানো হয়েছে, শশাঙ্ক ও তাঁর বাবার পাশাপাশি তাঁদের গাড়ির চালক মিশ্রও বীপেন্দ্রকে মারধর করেছেন। এফআইআর-এ তাঁর নামও রয়েছে।
বীপেন্দ্র জানিয়েছেন, শশাঙ্কদের বাংলোর রাঁধুনি হিসেবে তাঁকে প্রতি মাসে ১৫,০০০ টাকা, খাবার, থাকার জায়গা এবং ভবিষ্যতে সরকারি চাকরির আশ্বাস দেওয়া হয়। ২৫ জুন কাজে যোগ দেন তিনি। কিন্তু কাজে যোগ দেওয়ার পরেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। খাবার নিয়ে নিয়মিত গোলমাল হত। কাজ ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যেতে চান বীপেন্দ্র। কিন্তু তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। তাঁকে এক ঘরে আটকে রাখা হয়। তারপর সেই ঘরে গিয়ে তাঁকে মারধর করা হয়। তদন্ত শুরু করার পর পুলিশ দেখতে পায় বীপেন্দ্রর মুখ, দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এরপরেই এফআইআর দায়ের করা হয়েছে।
এবারের আইপিএল-এ পাঞ্জাব কিংসের হয়ে ১২ ম্যাচ খেলে মাত্র ১৩২ রান করেন শশাঙ্ক। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮৮.৫৭। কিন্তু দলকে ভরসা দিতে পারেননি এই ব্যাটার। তিনি ফিল্ডিংয়েও ব্যর্থ হন। একাধিক ক্যাচ ফস্কান তিনি। এবার মাঠের বাইরেও সমস্যায় পড়লেন শশাঙ্ক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।