
Shikhar Dhawan-Sophie Shine Wedding: বান্ধবী সোফি শাইনের সঙ্গে বিয়ে সেরে নিলেন প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান। শনিবার এক ঘরোয়া অনুষ্ঠানে তাঁরা বিয়ে করলেন। এক বছর আগে প্রথমবার তাঁদের একসঙ্গে দেখা যায়। গত বছরের মে মাসে সোফির সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করেন ধাওয়ান। গত বছর দুবাইয়ে (Dubai) আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy 2025) চলাকালীন প্রথমবার তাঁদের একসঙ্গে দেখা যায়। এরপর গত মাসে বাগদানের কথা ঘোষণা করেন ধাওয়ান। এবার তিনি বিয়ে করলেন। তাঁর বিয়ের অনুষ্ঠানে অল্প কয়েকজনই আমন্ত্রিত ছিলেন। তাঁদের অন্যতম ছিলেন জাতীয় দলের প্রাক্তন সতীর্থ যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বন্ধুর বিয়ের ছবি শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। অনেকেই ধাওয়ানকে অভিনন্দন জানাচ্ছেন। বিয়ের অনুষ্ঠানে ধাওয়ানকে ক্রিম রঙের শেরওয়ানি পরে থাকতে দেখা যায়। সোফিকে লেহঙ্গা পরে থাকতে দেখা যায়।
শনিবার বিয়ের আগে শুক্রবার ধাওয়ান ও সোফির হলদি অনুষ্ঠান হয়। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সেই অনুষ্ঠানের ছবি শেয়ার করেন সোফি। তারপর তাঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। সোফি একজন আইরিশ (Irish) প্রোডাক্ট কনসালট্যান্ট। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) এক আর্থিক পরিষেবা সংস্থার উচ্চপদস্থ আধিকারিক। সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) তাঁর সঙ্গে প্রথমবার ধাওয়ানের দেখা হয়। সেখানেই এখন কর্মসূত্রে থাকেন সোফি। বিয়ের পর তাঁরা কোথায় থাকবেন, সে বিষয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি।
২০১২ সালে আয়েষা মুখোপাধ্যায়ের (Ayesha Mukherjee) সঙ্গে বিয়ে হয় ধাওয়ানের। ২০২৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর শাইনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এই প্রাক্তন ক্রিকেটার। তাঁদের সম্পর্ক নিয়ে গত বছর থেকেই জল্পনা চলছিল। এবার সেই জল্পনা সত্যি হল। প্রথম বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। এবার দ্বিতীয় বিয়েতে সাফল্য পাবেন বলে আশাবাদী ধাওয়ান। সবাই তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।