
Google-Alphabet CEO Sundar Pichai: ভারত সফরে এসে ক্রিকেটার শুবমান গিলের (Shubman Gill) সঙ্গে দেখা করে এবং সময় কাটিয়ে খুশি গুগল ও অ্যালফাবেট সংস্থার সিইও সুন্দর পিচাই। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক পোস্টে সে কথা জানিয়েছেন। এই পোস্টে দেখা যাচ্ছে, অনেকের সঙ্গে এক অনুষ্ঠান বা আলোচনাসভায় যোগ দিয়েছেন গুগল সিইও। সেখানে তাঁর পাশেই আছেন শুবমান। এ বিষয়ে পিচাই লিখেছেন, 'বিশ্বের যে প্রান্তেই যাই না কেন, গুগলের কর্মীদের সঙ্গে সময় কাটাতে সবচেয়ে ভালো লাগে। শুবমান গিল সেখানে থাকলে আরও ভালো সময় কাটে। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য গুগল ইন্ডিয়াকে (Google India) ধন্যবাদ জানাই।' আইআইটি খড়্গপুরের (Indian Institute of Technology, Kharagpur) প্রাক্তন পড়ুয়া পিচাই ক্রিকেটের অনুরাগী। তিনি কর্মসূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকলেও, ভারতীয় ক্রিকেট দলের সব ম্যাচের দিকে নজর রাখেন। এখন টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) চলছে। এই সময় ভারতে এসেছেন তিনি। ফলে এই টুর্নামেন্টের দিকেও নজর রয়েছে।
টি-২০ ফর্ম্যাটে খারাপ ফর্মের জন্য চলতি টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাননি শুবমান। তিনি ভারতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ১৮ জানুয়ারি। ইন্দোরের (Indore) হোলকার স্টেডিয়ামে (Holkar Stadium) নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) সেই ওডিআই ম্যাচে ১৮ বল খেলে ২৩ রান করেন ভারতের অধিনায়ক। তিনি টি-২০ বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে আইপিএল-এর (IPL 2026) জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। গুজরাট টাইটানসের (Gujarat Titans) প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন দলের অধিনায়ক শুবমান।
ভারতীয় দলের হয়ে টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, আইপিএল-এ ঘুরে দাঁড়াতে মরিয়া শুবমান। তিনি অনুশীলনে একের পর এক বড় শট খেলছেন। এবারের আইপিএল-এ গুজরাট টাইটানসকে চ্যাম্পিয়ন করাই তাঁর লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।