Vaibhav Sooryavanshi Record: মঙ্গলবার এশিয়া কাপ রাইজিং স্টারসের ম্যাচে (ACC Men's Asia Cup Rising Stars 2026) সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচে ভারতীয় এ দলের (India A vs United Arab Emirates) হয়ে ওপেন করতে নেমে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন বৈভব সূর্যবংশী। তিনি লিস্ট এ ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছেন।
Vaibhav Sooryavanshi-Yuvraj Singh: চলতি এশিয়া কাপ রাইজিং স্টারসে (ACC Men's Asia Cup Rising Stars 2026) প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি। নেপাল (Nepal) এবং পাকিস্তান এ-র (Pakistan A) বিরুদ্ধে বড় রান করতে পারেননি। কিন্তু সেই ব্যর্থতা কাটিয়ে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে (India A vs United Arab Emirates) ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন বৈভব সূর্যবংশী। মঙ্গলবার মাত্র ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ক্রিকেট বিশ্বের নজর কেড়ে নিয়েছেন ১৫ বছরের এই বিস্ময় প্রতিভা। এই ঐতিহাসিক ইনিংসের নেপথ্যে রয়েছে ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংয়ের গুরুত্বপূর্ণ পরামর্শ। ম্যাচের আগে চারজনের সঙ্গে কথা বলেছিলেন বৈভব। তাঁদের মধ্যে ছিলেন তাঁর বাবা সঞ্জীব সূর্যবংশী, ছোটবেলার কোচ মনীশ ওঝা এবং ভারতের প্রাক্তন অনূর্ধ্ব-১৯ সতীর্থ প্রথম জাচক। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শটি এসেছিল যুবরাজের কাছ থেকে। প্রায় আধ ঘণ্টা ফোনে কথা হয়েছিল দু'জনের।
যুবরাজের পরামর্শে বদলে গেল বৈভবের ব্যাটিং
বিসিসিআই-এর (BCCI) সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করা এক ভিডিওতে বৈভব জানিয়েছেন, ব্যাটিংয়ের বেশ কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে তাঁকে বুঝিয়েছিলেন ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় তারকা। এমনকী, কীভাবে নিজের টেকনিকের ভুলত্রুটি শুধরে নিতে হবে, সেই পরামর্শও দিয়েছিলেন যুবরাজ। বৈভবের কথায়, 'যুবরাজ সিং স্যরের সঙ্গে প্রায় আধ ঘণ্টা কথা হয়েছিল। উনি আমাকে ব্যাটিং নিয়ে অনেক কিছু বুঝিয়েছেন। আমি খুব চিন্তায় ছিলাম। তাই ওঁকে খোলাখুলি বলেছিলাম, স্যর, আমার এই সমস্যাগুলো হচ্ছে।' বৈভব আরও বলেন, 'উনি আমাকে বুঝিয়েছিলেন, উইকেটে গিয়ে কীভাবে ব্যাট করতে হবে। অন্তত ২০টা বল ক্রিজে কাটাতে বলেছিলেন। জানিয়েছিলেন, ২০ বল খেলতে পারলে স্কোরটা অন্যরকম হবে। ব্যাটিংয়ের অনেক টেকনিক্যাল বিষয়ও বুঝিয়েছিলেন। আজ সেই পরামর্শই কাজে লেগেছে।'
পরিণত হয়ে উঠেছেন বৈভব
আমিরশাহির বোলারদের কার্যত দিশেহারা করে দেওয়া বৈভবের এই ইনিংস শুধু ভারত এ-কে সাত উইকেটে দুরন্ত জয় এনে দেয়নি, বড় মঞ্চে তাঁর পরিণত মানসিকতারও পরিচয় দিয়েছে। তবে ৫৩ বলের বিধ্বংসী ইনিংসে যতই আত্মবিশ্বাসী দেখাক, আগের দুই ম্যাচে কম রান পাওয়ার পর প্রত্যাশার চাপ যে তাঁর উপর ছিল, তা স্বীকার করেছেন ১৫ বছরের এই ক্রিকেটার। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বৈভব বলেন, ‘চাপ তো একটু থাকেই। এটা স্বাভাবিক, মানুষ হিসেবে একটু নার্ভাস লাগবেই। তবে দুই থেকে চারটে বল খেলার পরই আমি স্বাভাবিক হয়ে যাই।’ ছন্দ ফিরে পেয়ে খুশি বৈভব। নকআউট পর্বেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। তাঁর কথায়, ‘খুব ভালো লাগছে। খেলায় নিজের ছন্দ ফিরে পেয়েছি। বাকি ম্যাচগুলিতেও এই ছন্দ ধরে রাখার চেষ্টা করব। আশা করি, আমরা সেমিফাইনাল জিতে ফাইনালে উঠব। আর আমি নিজের মতো করে একই ছন্দে ব্যাট করতে পারব।’ চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনটি ম্যাচে ২৪১ রান করেছেন বৈভব। গড় ৮০.৩৩ এবং স্ট্রাইক রেট ২৪৫.৯২। এর মধ্যে রয়েছে একটি দ্বিশতরানের ইনিংস। যুবরাজের পরামর্শে ফিরে পাওয়া সেই ছন্দ এবার সেমি-ফাইনাল ও ফাইনালেও ধরে রাখতে পারেন কি না, সেটাই দেখার।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
















