Syed Mushtaq Ali Trophy 2026-27: এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহারের (Bihar) অধিনায়ক হিসেবে খেলতে নামছেন ১৫ বছর বয়সি বিস্ময়-কিশোর বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তিনি আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল-এ (IPL 2026) সাড়া ফেলে দেওয়ার সুবাদে রাজ্য দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন।

DID YOU
KNOW
?
বিহারের অধিনায়ক বৈভব
রঞ্জি ট্রফিতে বিহার দলের সহ-অধিনায়ক হয়েছিলেন বৈভব সূর্যবংশী। এবার তিনি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অধিনায়ক নির্বাচিত হলেন।

Captain Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সেই সিনিয়র পর্যায়ের ক্রিকেটে রাজ্য দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে গেলেন বৈভব সূর্যবংশী। ২০২৬-২৭ মরসুমের সৈয়দ মুস্তাক আলি ট্রফির (Syed Mushtaq Ali Trophy 2026-27) প্রথম দু'টি ম্যাচে বিহার (Bihar) দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন এই বিস্ময়-কিশোর। ১৪ নভেম্বর শুরু হচ্ছে দেশের ঘরোয়া টি-২০ প্রতিযোগিতা। ইন্দোরে (Indore) প্রথম দু'টি ম্যাচ খেলবে বিহার। এই টুর্নামেন্টের প্রথম দু'টি ম্যাচের জন্য বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Bihar Cricket Association) নির্বাচক কমিটি ১৭ সদস্যের দল ঘোষণা করেছে। সেই দলের নেতৃত্ব দেওয়া হয়েছে বৈভবের হাতে। বিহারের হয়ে খেলার পর চলতি মাসের শেষ দিকে রাইজিং স্টারস এশিয়া কাপে (Rising Stars Asia Cup 2026) ভারতীয় 'এ' দলের হয়ে যোগ দেওয়ার কথা তাঁর।

তারকা হয়ে উঠেছেন বৈভব

মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন বৈভব। গত মরসুমে রঞ্জি ট্রফির (Ranji Trophy) প্রথম দু'টি ম্যাচের জন্য বিহার দলে সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। সেই সময় দলের অধিনায়ক ছিলেন সাকিবুল গনি। মাত্র ১২ বছর বয়সে ২০২৪ সালের জানুয়ারিতে মুম্বইয়ের বিরুদ্ধে বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। বয়সভিত্তিক ক্রিকেটেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে বৈভবের। গত জানুয়ারিতে চোটের কারণে নিয়মিত অধিনায়ক আয়ুষ মাত্রে খেলতে না পারায় দক্ষিণ আফ্রিকা সফরে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেই সফরে তিনটি যুব একদিনের ম্যাচ খেলেছিল ভারত। পরবর্তীতে ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন বৈভব। যদিও বিশ্বকাপে দলের অধিনায়ক ছিলেন আয়ুষ মাত্রে (Ayush Mhatre)। সম্প্রতি নিউজিল্যান্ড (New Zealand) সফর শেষ করে দেশে ফিরেছেন এই তরুণ ক্রিকেটার। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ভারতের হয়ে দু'টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। জাতীয় দলে ওপেনিংয়ের জায়গায় অভিষেক শর্মা (Abhishek Sharma) ও সঞ্জু স্যামসনের (Sanju Samson) উপস্থিতির কারণে নিয়মিত সুযোগ পাচ্ছেন না বৈভব। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছিলেন তিনি। ওয়েলিংটনে মাত্র ১৯ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন বৈভব। অভিষেকের সঙ্গে জুটি বেঁধে পাওয়ার প্লে-তে ভারতকে রেকর্ড গড়তে সাহায্য করেন তিনি। প্রথম ছয় ওভারে বিনা উইকেটে ১১৮ রান তোলে ভারত। পুরুষদের টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে পাওয়ার প্লে-তে এটাই সর্বোচ্চ রানের নজির। অভিষেক শেষ পর্যন্ত ৩৮ বলে ১১৩ রান করেন। তাঁর বিধ্বংসী ইনিংসে ভর করে নিউজিল্যান্ডের ১৯৯ রানের লক্ষ্য সহজেই টপকে যায় ভারত।

বৈভবের উপর ভরসা বিহার ক্রিকেট সংস্থার

বৈভবকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে আশাবাদী বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হর্ষবর্ধন। তাঁর কথায়, ‘অল্প বয়সেই বৈভব অসাধারণ প্রতিভা, আত্মবিশ্বাস এবং পরিণত মানসিকতার পরিচয় দিয়েছে। ওর নেতৃত্বে দল শৃঙ্খলাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলবে বলে আমরা আশাবাদী।’ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে গ্রুপ 'বি'-তে আছে বিহার। এই গ্রুপের বাকি দলগুলি হল দিল্লি, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রেলওয়েজ, সৌরাষ্ট্র এবং তামিলনাড়ু। সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে বিহার।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।