
Rajasthan Royals vs Royal Challengers Bengaluru: বিপক্ষ দলের কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ বিরাট কোহলি (Virat Kohli)। শুক্রবার রাতে রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ শেষ হওয়ার পর বিরাটের কাছ থেকে স্বাক্ষরিত টুপি উপহার পান বৈভব। এই টুপিতে বিরাট লিখেছেন, 'প্রিয় বৈভব, ভালো খেলেছো।' এই ম্যাচে ওপেন করতে নেমে ২৬ বলে ৭৮ রান করেন এই কিশোর। তিনি আটটি বাউন্ডারি ও সাতটি ওভার-বাউন্ডারি মারেন। ২০২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৮ ওভারের মধ্যেই চার উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় রাজস্থান। এই ম্যাচে ১৬ বলে ৩২ রান করেন বিরাট। তাঁর দল হেরে গেলেও, বৈভবের পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করে এই কিশোরের প্রশংসা করলেন।
ভারতীয় দলের প্রাক্তন ব্যাটার রবিন উথাপ্পা দাবি করেছিলেন, এবারের আইপিএল-এ (IPL 2026) ভালো পারফরম্যান্স দেখাতে পারবেন না বৈভব। কারণ হিসেবে তিনি বলেন, আইপিএল-এ নিজের প্রথম মরসুমে ভালো পারফরম্যান্স দেখানোর পর দ্বিতীয় মরসুমে সেই পারফরম্যান্স ধরে রাখতে পারবেন না বৈভব। তাছাড়া বোলাররা এই কিশোরের ব্যাটিংয়ের ধরন বুঝে ফেলে সেই অনুযায়ী পরিকল্পনা করবেন। ফলে গতবারের মতো পারফরম্যান্স দেখাতে পারবেন না বৈভব। কিন্তু এই কিশোর উথাপ্পাকে ভুল প্রমাণ করে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। চলতি আইপিএল-এ দুই ম্যাচে ৫০ বলে অর্ধশতরান পূরণ করেছেন বৈভব। তিনি পরপর ম্যাচে তাঁর দলকে জিতিয়ে চলেছেন। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে এই কিশোর বুঝিয়ে দিচ্ছেন, তিনি ব্যাট হাতে ক্রিকেট দুনিয়া শাসন করতে এসেছেন।
গতবারের আইপিএল-এ বৈভবের অসাধারণ পারফরম্যান্স দেখার পর থেকেই এই কিশোরকে সিনিয়র পর্যায়ে জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি উঠছে। তবে বৈভব কবে সিনিয়র পর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।