Vaibhav Suryavanshi: এবারের আইপিএল-এর (IPL 2026) শুরুতেই শোরগোল ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। এই কিশোর রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ওপেন করতে নেমে অসাধারণ ব্যাটিং করেছেন। এই ইনিংসের রহস্য নিজেই জানিয়েছেন বৈভব।
KNOW
Vaibhav Suryavanshi Record: ১৫ বছর বয়সেই কীভাবে এত শারীরিক ও মানসিক শক্তি পেয়ে গিয়েছেন? কোনও বোলারকেই রেয়াত করেন না। গত আইপিএল-এ (IPL 2025) সাড়া ফেলে দেওয়ার পর এবারের আইপিএল-এর (IPL 2026) শুরুতেই রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ১৫ বলে অর্ধশতরান করেছেন বৈভব সূর্যবংশী। তিনি নিজেই এই ইনিংসের রহস্য ফাঁস করেছেন। ম্যাচ শেষ হওয়ার পর টিম বাসে ওঠার সময় সতীর্থ ধ্রুব জুরেলের (Dhruv Jurel) সঙ্গে মজার ছলে কথা বলছিলেন বৈভব। তাঁদের এই কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিডিওতে দেখা যাচ্ছে, বৈভবের প্রশংসা করে জুরেল বলছেন, 'খুব ভালো খেলেছো। আবার তুমি খুব ভালো খেললে।' সে কথা শুনে মুচকি হেসে এই কিশোর বলেন, ‘আজ রাজভোগ খেয়ে ম্যাচ খেলতে গিয়েছিলাম।’
জন্মদিনে কেক না কেটে ঘুমিয়েছেন!
সদ্য ১৫ বছরের জন্মদিন কাটিয়েছেন বৈভব। এবারের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচের তিন দিন আগে এই কিশোরের জন্মদিন ছিল। কিন্তু তিনি এবারের জন্মদিনে তেমন কোনও আনন্দ করেননি। এমনকী, জন্মদিনে কেকও কাটেননি। এ প্রসঙ্গে বৈভব বলেছেন, ‘জন্মদিনে আমি কিছুই করিনি। আমার কেক কাটার কথা ছিল। কিন্তু কেউ যাতে আমাকে কেক মাখিয়ে দিতে না পারে, তার জন্য আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম।’
পাওয়ার প্লে-তেই বেশি রানের লক্ষ্যে বৈভব
নিজের ব্যাটিংয়ের বিষয়ে বৈভব বলেছেন, ‘পাওয়ার প্লে ভালোভাবে কাজে লাগানোই আমাদের পরিকল্পনা ছিল। শুরুতে উইকেট একটু মন্থর ছিল। বল ঠিকমতো ব্যাটে আসছিল না। কিন্তু বল পুরনো হওয়ার পরেই ব্যাটে ভালোভাবে আসতে শুরু করে। আমি রক্ষণ নিয়ে ভাবি। কিন্তু আজ আমাদের পরিকল্পনা ছিল, পাওয়ার প্লে-তেই ম্যাচের নিয়ন্ত্রণ নেব। কারণ, অল্প রান তাড়া করার সময় পাওয়ার প্লে-র সময়টা গুরুত্বপূর্ণ। যে দল বোলিং করছে তারা যদি সেই সময় ভালো পারফরম্যান্স দেখাতে পারে, তাহলে ম্যাচ ওদের পক্ষে চলে যেতে পারে। তবে আমরা পাওয়ার প্লে-তে ভালো পারফরম্যান্স দেখিয়েছি।’ পরের ম্যাচেও একইভাবে ব্যাটিং করতে চান বৈভব।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


