
বিরাট কোহলির জন্মদিন
বৃহস্পতিবার ভারতের প্রাক্তন অধিনায়ক ব্যাটার বিরাট কোহলির ৩৮-তম জন্মদিন। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচিত বিরাট। বিশেষ করে রান তাড়া করার ক্ষেত্রে তাঁর অসাধারণ দক্ষতার জন্যই তিনি পরিচিত ‘চেজ মাস্টার’ নামে। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক কীর্তি গড়েছেন বিরাট। তিন ফর্ম্যাটেই ব্যাট হাতে একাধিক রেকর্ড ভেঙে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
৫ রেকর্ড ভাঙতে পারেন বিরাট কোহলি
এখনও পর্যন্ত ৫৬৬টি আন্তর্জাতিক ম্যাচে ৫২.৮৬ গড়ে বিরাট কোহলি ২৮,৬০১ রান করেছেন। তিনি ৮৬টি শতরান এবং ১৪৯টি অর্ধশতরান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকাতেও উপরের দিকে জায়গা করে নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ৩৮-তম জন্মদিনে একবার ফিরে দেখা যাক, পেশাদার ক্রিকেটকে বিদায় জানানোর আগে আর কোন পাঁচটি রেকর্ড নিজের নামে করতে পারেন বিরাট।
১০০ শতরানের লক্ষ্যে বিরাট কোহলি
আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরানের মালিক হওয়ার বিরাট কোহলির স্বপ্নই এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় আকর্ষণ। তাঁর প্রাক্তন ভারতীয় সতীর্থ তথা ব্যাটিং কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ১০০টি আন্তর্জাতিক শতরানের রেকর্ড কেউ স্পর্শ করতে পারবেন না বলে আলোচনা হত। কিন্তু বিরাট সেই অসম্ভবকেই এখন অনেকটা নাগালের মধ্যে নিয়ে এসেছেন। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৮৬টি শতরান করেছেন বিরাট। সচিনের রেকর্ড টপকাতে তাঁর প্রয়োজন আরও ১৫টি শতরান। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ওডিআই ফর্ম্যাটে চারটি শতরান করেছেন বিরাট। তিনি এই ফর্ম্যাটে যে ফর্মে, তাতে আরও শতরান করতেই পারেন।
অনেক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন বিরাট কোহলি
আগামী বছরের ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে অনেক ওডিআই ম্যাচ খেলবে ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে চার ম্যাচ বাকি। এরপর শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি করে ওডিআই ম্যাচ খেলবে ভারত। পাশাপাশি রয়েছে এশিয়া কাপ এবং ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি পর্ব। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে শততম শতরানের মাইলফলক ছোঁয়ার জন্য বিরাট কোহলির সামনে সুযোগের অভাব হওয়ার কথা নয়।
দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচে সর্বাধিক শতরান
সচিন তেন্ডুলকরের ১০০টি আন্তর্জাতিক শতরানের রেকর্ড ভাঙার আগে তাঁর আরও একটি কীর্তি নিজের নামে করার সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে। দেশের মাটিতে সর্বাধিক আন্তর্জাতিক শতরানের রেকর্ড এখন যুগ্মভাবে বিরাট ও সচিনের দখলে। ভারতের মাটিতে দু’জনেরই আন্তর্জাতিক শতরানের সংখ্যা ৪২। ফলে আর মাত্র একটি শতরান করলেই সচিনকে ছাপিয়ে এককভাবে এই রেকর্ডের মালিক হয়ে যাবেন বিরাট।
সচিনের রেকর্ড ভাঙার পথে বিরাট
দেশের মাটিতে শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের বিরুদ্ধে দু’টি দ্বিপাক্ষিক সিরিজে ভারত মোট ছ’টি ওডিআই ম্যাচ খেলবে। সেই ম্যাচগুলিতে শতরান করার সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে। দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে সর্বাধিক শতরানের রেকর্ড নিজের নামে করতে পারলে ঘরের মাঠে সর্বকালের অন্যতম সফল ব্যাটার হিসেবে নতুন নজির গড়বেন ভারতের এই তারকা।
আইপিএল-এও অন্যতম সফল ব্যাটার বিরাট কোহলি
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসেও অন্যতম সফল ও ধারাবাহিক ব্যাটার বিরাট কোহলি। এই লিগের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহকারী তিনি। ২৮৩টি ম্যাচে ৪০.৪১ গড় এবং ১৩৪.৭৯ স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ৯৩৩৬ রান। রয়েছে ৯টি শতরান এবং ৬৮টি অর্ধশতরান। আইপিএলর-এর আগামী মরসুমে নতুন রেকর্ড গড়তে পারেন বিরাট।
আইপিএল-এ ১০,০০০ রানের পথে বিরাট কোহলি
আইপিএল-এ আরও এক ঐতিহাসিক নজিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি। এই লিগের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ১০ হাজার রান এবং ১০টি শতরানের মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন আর ৬৬৪ রান ও একটি শতরান। ইতিমধ্যেই আইপিএল-এ সর্বাধিক রান ও সর্বাধিক শতরানের মালিক হিসেবে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আরও একটি সফল মরসুম কাটাতে পারলেই এই অনন্য নজির গড়তে পারেন বিরাট।
লিস্ট ‘এ’ ক্রিকেটেও শতরানের রেকর্ডের পথে বিরাট
ওডিআই ক্রিকেটে সর্বাধিক শতরানের রেকর্ডে ইতিমধ্যেই সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলি। তবে ৫০ ওভারের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে আরও একটি বড় নজির গড়ার হাতছানি রয়েছে তাঁর সামনে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক শতরানের রেকর্ড বর্তমানে যুগ্মভাবে সচিন ও বিরাটের দখলে। দু’জনেরই ঝুলিতে রয়েছে ৬০টি করে শতরান। ফলে আর মাত্র একটি শতরান করলেই প্রাক্তন সতীর্থ সচিনকে ছাপিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে এককভাবে সর্বাধিক শতরানের মালিক হয়ে যাবেন বিরাট। যেহেতু আপাতত তাঁর মূল লক্ষ্য ওডিআই ক্রিকেট, তাই আগামী ম্যাচগুলিতেই এই মাইলফলক স্পর্শ করার সুযোগ রয়েছে ভারতের তারকা ব্যাটারের সামনে।
৩০,০০০ রানের পথে বিরাট কোহলি
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিকতার শিখরে বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজার রানের গণ্ডি পেরিয়েছেন তিনি। এখনও পর্যন্ত ৫৬৬টি আন্তর্জাতিক ম্যাচে বিরাটের সংগ্রহ ২৮,৬০১ রান। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে ৩০,০০০ রানের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন আর ১,৩৯৯ রান। নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ মিলিয়ে ভারতের সামনে রয়েছে আরও ১০টি ওডিআই ম্যাচ। এর পাশাপাশি রয়েছে এশিয়া কাপ এবং ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ। ফলে লক্ষ্যে পৌঁছনোর জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুযোগ পাবেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে ৩০,০০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারলে সচিনের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জন করবেন বিরাট।