
FIFA World Cup 2026: প্রথম ম্যাচে লিওনেল মেসি (Lionel Messi) হ্যাটট্রিক করেছেন আর তাঁকে হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়েছে। খারাপ পারফরম্যান্সের জন্য সমালোচনাও শুনতে হয়েছে। এসব স্বাভাবিক ঘটনা। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) সম্পর্কে ডি আর কঙ্গোর (DR Congo) মিডফিল্ডার এনগাল'আয়েল মুকাউ (Ngal'ayel Mukau) যে মন্তব্য করেছেন, সেরকম কথা অতীতে কেউ বলেননি। ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাতে চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালকে (Portugal) আটকে দেওয়ার পর কঙ্গোর এই ফুটবলার বলেছেন, ‘রোনাল্ডোকে আটকানোর জন্য আমাদের আলাদা কোনও পরিকল্পনা ছিল না। আমরা জানতাম, রোনাল্ডো আর আগের মতো নেই। ওর এখন বয়স হয়ে গিয়েছে। ও এখনও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ওর প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু ও এখন বয়স্ক।’
কঙ্গোর বিরুদ্ধে এই ম্যাচে বেশিরভাগ সময়ই খেলার মধ্যে ছিলেন না রোনাল্ডো। তাঁর উপস্থিতি টেরই পাওয়া যাচ্ছিল না। এই কিংবদন্তি ফুটবলার যে মাঠে আছেন, সে বিষয়ে সন্দেহ দূর করার জন্য টিম লিস্টে চোখ রাখতে হচ্ছিল। সারা ম্যাচে একবারও গোলের কাছাকাছি পৌঁছতে পারেননি রোনাল্ডো। তিনি সেভাবে বল পাননি। সতীর্থদের উদ্দেশ্যে ভালো পাসও বাড়াতে পারেননি পর্তুগিজ মহাতারকা। ফলে তাঁকে নিয়ে প্রশ্ন উঠছিলই। আলোচনায় অন্য মাত্রা যোগ করেছেন কঙ্গোর মিডফিল্ডার। তিনি সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘কারও যখন বয়স হয়ে যায়, তখন আর সে আগের মতো থাকে না। তার পক্ষে আর আগের মতো খেলা সম্ভব হয় না। কিন্তু তারপরেও রোনাল্ডোকে শ্রদ্ধা করতেই হবে। ও সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।’
কঙ্গোর বিরুদ্ধে এই ম্যাচে মাত্র দু'বার শট নেন রোনাল্ডো। তিনি মাত্র ২৫ বার বলে পা ছোঁয়ান। পর্তুগালের যে ফুটবলাররা ৪৫ মিনিটেরও বেশি খেলেছেন, তাঁদের মধ্যে রোনাল্ডোই সবচেয়ে কমবার বলে পা ছুঁইয়েছেন। তাঁর এই পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।