Cruzeiro vs Atletico Mineiro Red Card: একটি ফুটবল ম্যাচে নাকি ২৩টি লাল কার্ড। তার সঙ্গে আবার মারামারি, লাথি, ঘুষি! কিছুই আর বাদ রইল না (cruzeiro vs atlético mineiro red card)। ব্রাজিল ফুটবলে রীতিমতো লজ্জাজনক ঘটনা। ক্যাম্পিওনাতো মিনেইরো-র ফাইনাল ম্যাচে এই জঘন্য ঘটনাটি ঘটে (cruzeiro vs atlético mineiro fight)।
ব্রাজিলের বেলো হরিজন্তেতে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মিনেইরো বনাম ক্রুজেইরো। সেই ম্যাচে ১-০ গোলে জয় পায় ক্রুজেইরো। কিন্তু তারপর মাঠের মধ্যে দুই দলের ফুটবলাররা যেভাবে হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়লেন, তাতে ম্যাচের ফলকে ছাপিয়ে গিয়ে গুণ্ডামির উদাহরণই আলোচনার কেন্দ্রবিন্দুতে। রীতিমতো কলঙ্কিত ব্রাজিল ফুটবল।
প্রসঙ্গত, ম্যাচের একেবারে শেষ মুহূর্তে শুরু হয় এই হাতাহাতির ঘটনা। তার জেরেই শেষপর্যন্ত, দুই দলের মোট ২৩ জন ফুটবলারকে লাল কার্ড দেখানো হয়। সেই ফাইনাল ম্যাচে, কাইও জর্জের গোলে ক্রুজেইরো এগিয়ে ছিল। কিন্তু ম্যাচ শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তেই এই উত্তেজনা তৈরি হয় এবং তারপর তা এমন পর্যায়ে গিয়ে পৌঁছয় যে, মাঠের ভিতরে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা ঢুকতে বাধ্য হন।
উল্লেখ্য, ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ক্রুজেইরোর মিডফিল্ডার ক্রিশ্চিয়ানো গোলের একেবারে সামনে চলে যান। কিন্তু তিনি বলের নাগাল পাওয়ার আগেই মিনেইরোর গোলরক্ষক এভারসন বলটি ধরে ফেলেন। এরপর দুজনেই পড়ে যান। এরপরেই ঘটে আসল ঘটনা। এভারসন হঠাৎ উঠে গিয়ে ক্রিশ্চিয়ানোর পেটে ধাক্কা মেরে ফেলে দেন। তারপর হাঁটু দিয়ে ক্রিশ্চিয়ানোর বুকেও মারেন!
এমনকি, কানের কাছে গিয়ে আবার কীসব বলতে শুরু করেন। তারপরেই দুই দলের ফুটবলাররা উত্তেজিত হয়ে মারামারিতে জড়িয়ে পড়েন। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি এবং মারামারি। শুধু তাই নয়, রিজার্ভ বেঞ্চে বসে থাকা ফুটবলার এবং সাপোর্ট স্টাফরাও সেই ঝামেলায় জড়িয়ে পড়েন। কার্যত, গোটা স্টেডিয়াম জুড়ে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। সকলেই প্রায় মাঠে ঢুকে পড়েন।
পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছয় যে, যে যাকে সামনে পেয়েছেন, পিটিয়ে দিয়েছেন। এরপরেই মাঠে পুলিশ এবং নিরাপত্তাবাহিনী ঢুকে পড়ে। ফুটবলাররা একে অপরকে ধাক্কা মারতে শুরু করে দেন এবং চলতে থাকে লাথি-ঘুষি সব।
তারপরেই রেফারি ম্যাথিউজ ডেলগাডো মোট ২৩ জন ফুটবলারকে লাল কার্ড দেখান। সেই তালিকায় ১২ জন ক্রুজেইরোর ফুটবলার এবং ১১ জন মিনেইরোর ফুটবলার রয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।