
Durand Cup 2026: ভবিষ্যতে পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্যও আলাদাভাবে আয়োজন করা হতে পারে এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ। বুধবার ফোর্ট উইলিয়ামে সংবাদিক বৈঠকে এমনই পরিকল্পনার কথা জানাল ডুরান্ড কাপের আয়োজক সেনাবাহিনী। আরও জানানো হল, ভবিষ্যতে দার্জিলিং (Darjeeling), গ্যাংটকের (Gangtok) মতো পাহাড়ি শহরে ডুরান্ড কাপের ম্যাচ আয়োজন করা হতে পারে। শনিবার শুরু হচ্ছে এবারের ডুরান্ড কাপ। সেই উপলক্ষে সাংবাদিক বৈঠকে ছিলেন ক্রীড়ামন্ত্রী ড. ইন্দ্রনীল খাঁ (Dr. Indranil Khan), পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডে। সেনাবাহিনীর পক্ষ থেকে ছিলেন চিফ অফ স্টাফ, হেড কোয়ার্টার্স ইস্টার্ন কম্যান্ড ও ডুরান্ড কাপ আয়োজক কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল গম্ভীর সিং, জেনারেল অফিসার কমান্ডিং, বেঙ্গল সাব এরিয়া মেজর জেনারেল দীনেশ কুমার সিং। সাংবাদিক বৈঠকেই ডুরান্ড কাপ আয়োজনের বিষয়ে পরিকল্পনার কথা জানানো হল।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের মাধ্যমে ভারতীয় ফুটবলের উন্নতি করার চেষ্টা করা হচ্ছে। শুধু পুরুষদের ফুটবলই নয়, মহিলাদের ফুটবলেরও উন্নতি করাই লক্ষ্য। এই কারণেই মহিলাদের জন্য আলাদা টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। তবে কবে থেকে মহিলাদের জন্য আলাদা ডুরান্ড কাপ আয়োজন করা হবে, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।
ডুরান্ড কাপের আয়োজক সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এবারই প্রথম রাঁচিতে (Ranchi) ডুরান্ড কাপের ম্যাচ হবে। ভবিষ্যতে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন শহরে এই টুর্নামেন্টের ম্যাচ আয়োজন করা হবে। দার্জিলিং, গ্যাংটকের মতো শহরগুলিতে যদি পরিকাঠামোর উন্নতি করা সম্ভব হয়, তাহলে সেই শহরগুলিতেও ডুরান্ড কাপের ম্যাচ হবে। রাজ্য সরকার ও সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের সহযোগিতাতেই ডুরান্ড কাপের ম্যাচগুলি আয়োজন করা হচ্ছে। এবারের ডুরান্ড কাপ সফলতম টুর্নামেন্ট হবে বলে আশা করছেন আয়োজকরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।