Durand Cup 2026: ডুরান্ড কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় মোহনবাগান বনাম সাউথ ইউনাইটেড এফসি (Durand Cup 2026 latest news)। সেই ম্যাচেই কার্যত, সবুজ মেরুন ঝড়। বলা চলে, যুবভারতীতে দুরন্ত ফুটবল উপহার দিল মোহনবাগান। ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচে মঙ্গলবার, সাউথ ইউনাইটেড এফসি-কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল সবুজ মেরুন ব্রিগেড (Mohun Bagan match score)। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ জয় এবং সেটাও আবার ৮-০ গোলে। প্রসঙ্গত, ডার্বি জিতে এই ম্যাচে খেলতে নামে সবুজ মেরুন ব্রিগেড। এই ম্যাচের শুরু থেকেই ঝড় তোলে পানাজিওটিস ডিলম্পেরিসের ছেলেরা। সেই সুবাদেই খেলার ৪ মিনিটে গোল। সাহাল আবদুল সামাদের পাস থেকে দুর্দান্ত গোল করেন মনবীর সিং।
তারপরেও চাপ বজায় রাখে মোহনবাগান। ম্যাচের ১০ মিনিটে আবার গোল। অনিরুদ্ধ থাপার কর্নার থেকে অনবদ্য হেডে গোল করেন আলবার্তো রডরিগেজ। এরপর আবার ম্যাচের ১৪ মিনিটে, লিস্টনের পাস থেকে বল পেয়ে জোরালো শট নেন মনবীর। তবে এক্ষেত্রে ভালো সেভ করেন সাউথ ইউনাইটেড এফসি-র গোলকিপার সুনীল সিং।
তবে এখানেই শেষ নয়। ম্যাচের ১৯ মিনিটে, ডেজান দ্রাজিচের ক্রস থেকে হেড দিয়ে গোল করেন রাহুল ভেকে। তারপর খেলার ২২ মিনিটে, ফের মনবীরের গোল। খেলার ২৫ মিনিটের মধ্যেই মোহনবাগান চার গোলে এগিয়ে যায়। কিন্তু ৩৩ মিনিটের মাথায়, সাহালের শট বারপোস্টে লাগে। তারপর আবার ৩৫ মিনিটে, তাঁর শট পোস্টে লেগে প্রতিহত হয়। নাহলে ব্যবধান আরও বাড়তে পারত। তবে সাউথ বেঙ্গালুরু এফসি-র ফুটবলার মাকাকমায়ুম ড্যানিয়েল একটি ভালো শট নেন। এক্ষেত্রে অবশ্য কোনও গোল হয়নি। অন্যদিকে, লিস্টনের শট একটুর জন্য বাইরে চলে যায়। প্রথমার্ধ শেষ হয় ৪-০ ফলাফল নিয়ে। দ্বিতীয়ার্ধেও বজায় ছিল সবুজ মেরুন ঝড়। তবে দ্বিতীয়ার্ধে দুটি পরিবর্তন আসে মোহনবাগানের প্রথম একাদশে। দীপক টাংরির বদলে মাঠে নামেন অভিষেক সূর্যবংশী এবং লিস্টন কোলাসোর জায়গায় আসেন কিয়ান নাসিরি।
তবে ৫৪ মিনিটে, আলবার্তো রডরিগেজের শট পোস্টে লাগে। কিন্তু ম্যাচের ৬০ মিনিটে, হ্যাটট্রিকটি সেরে ফেলেন মনবীর। অনিরুদ্ধ থাপার কর্নার থেকে বুদ্ধিদীপ্ত গোল করে যান তিনি এবং সঙ্গে অসাধারণ হ্যাটট্রিকটিও সম্পন্ন করেন। তারপর মনবীরকে তুলে নেন কোচ এবং পরিবর্তে মাঠে নামেন সুহেইল আহমেদ ভাট। খেলার ৬৯ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে বসেন সাউথ ইউনাইটেডের ফুটবলার নোয়েল। ম্যাচের ফলাফল তখন ৬-০। অন্যদিকে, টেকচাম অভিষেক সিং-এর জায়গায় মাঠে আসেন আশিস রাই। এরপরেও অনেক ম্যাজিক বাকি ছিল। খেলার শেষদিকে সুহেইল আহমেদ ভাট দুটি গোল করেন। একটি ৯০ মিনিটে এবং আরেকটি অতিরিক্ত সময়ে। শেষপর্যন্ত, ৮-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান।
সবথেকে বড় বিষয়, ডিফেন্স, মাঝমাঠ এবং আক্রমণভাগ! তিনটি ক্ষেত্রেই মোহনবাগান এই ম্যাচে সম্পূর্ণভাবে সফল। গোটা ম্যাচে দাপট দেখিয়ে খেলেন রাহুল ভেকে, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, মনবীর সিং, এবং শুভাশিস বোসরা। পাশাপাশি সাহাল, রডরিগেজ, দীপক টাংরি, টেকচাম অভিষেক সিং এবং ডেজান দ্রাজিচরা যেভাবে মিডফিল্ড এবং দুটি উইং ব্যবহার করে আক্রমণ শানালেন, তাতে রীতিমতো নাস্তানুবাদ হয়ে গেল সাউথ ইউনাইটেড ডিফেন্স। এমনকি, পরিবর্ত নেমে সায়ন ব্যানার্জি, কিয়ান নাসিরি এবং আশিস রাইরাও যথেষ্ট ভালো খেললেন। আর সুহেইল তো রীতিমতো সুপার সাব হয়ে গেলেন এই ম্যাচে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।