
East Bengal FC vs Churchill Brothers: গতবারের আইএসএল যেখানে শেষ করেছিল, ঠিক সেখান থেকেই এবারের আইএসএল (Indian Super League 2026-27) শুরু করল গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। রবিবার এবারের আইএসএল-এ নিজেদের প্রথম ম্যাচে চার্চিল ব্রাদার্সকে ৪-০ উড়িয়ে দিল লাল-হলুদ ব্রিগেড। অ্যাওয়ে ম্যাচে এই জয় অ্যান্টনিও লোপেজ হাবাসের (Antonio López Habas) দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। মারগাওয়ের (Margao) জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium) শুরু থেকে শেষপর্যন্ত দাপট দেখিয়ে জয় পেল ইস্টবেঙ্গল। একসময় জাতীয় লিগ বা আই লিগে ইস্টবেঙ্গল ও চার্চিল ব্রাদার্সের মধ্যে খেতাব জয়ের লড়াই দেখা যেত। তবে সেসব এখন অতীত। প্রথমবার আইএসএল-এ খেলতে নেমে ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়ে ঘরের মাঠেই বিধ্বস্ত হল চার্চিল ব্রাদার্স।
চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে এই ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফ্রি-কিক থেকে অসাধারণ গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ড্যানি র্যামিরেজ (Dani Ramírez)। ৪৫ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান এডমুন্ড লালরিন্ডিকা (Edmund Lalrindika)। প্রথমার্ধের শেষে ২-০ এগিয়েছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে শেষদিকে জোড়া গোল করেন পরিবর্ত বিপীন সিং (Bipin Singh Thounaojam)। এই তারকা ৮৫ মিনিটে একে লোবার (Ake Loba) কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের অসাধারণ শটে নিজের প্রথম ও দলের তৃতীয় গোল করেন। এরপর ৯০ মিনিটে বিষ্ণু পি ভি-র (Vishnu PV) কাছ থেকে বল পেয়ে ফল ৪-০ করে দেন বিপীন।
এদিন ইস্টবেঙ্গল সহজ জয় পেলেও, একাধিক সহজ সুযোগ নষ্ট হল। সহজ সুযোগ পেয়েও গোল করতে পারেননি বিষ্ণু। র্যামিরেজের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। এডমুন্ড গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি এডমুন্ড। লাল-হলুদ ব্রিগেডের রক্ষণ নিয়েও চিন্তা থেকে গেল। একাধিকবার রক্ষণে ফাঁক তৈরি হয়েছিল। চার্চিল ব্রাদার্স একাধিক সুযোগ তৈরি করেছিল। একবার পোস্টে লাগে বল। ফলে হাবাসকে রক্ষণ নিয়ে ভাবতেই হবে। লেফট ব্যাক জয় গুপ্তা ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। তাঁর পরিবর্তে সন্দীপ মান্ডিকে প্রথম একাদশে রাখতে পারেন হাবাস।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।