
Calcutta Football League 2026: চলতি কলকাতা ফুটবল লিগে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের। শনিবার বিকেলে নিজেদের মাঠে রেলওয়ে এফসি-র (East Bengal FC vs Railway FC) বিরুদ্ধে ১-০ জয় পেল লাল-হলুদ ব্রিগেড। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৪৯ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোল করেন জেসিন টি কে (Jesin TK)। এই গোলেই জয় এল। এদিন খেলেননি গত ম্যাচে প্রথমার্ধেই হ্যাটট্রিক করা বিষ্ণু পি ভি (Vishnu PV)। তা সত্ত্বেও ইস্টবেঙ্গলের জয় পেতে সমস্যা হল না। কলকাতা ফুটবল লিগের ইতিহাসে সফলতম দল ইস্টবেঙ্গল। এবারও প্রথম তিন ম্যাচেই জয় পেয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে লাল-হলুদ ব্রিগেড।
ইস্টবেঙ্গলের সিনিয়র দলের হয়ে এখনও পর্যন্ত খুব বেশি ম্যাচে খেলার সুযোগ পাননি জেসিন। তবে এই তরুণ স্ট্রাইকার গত কয়েক মরসুম ধরে কলকাতা ফুটবল লিগে ধারাবাহিকভাবে গোল করে চলেছেন। তিনি নির্ভরযোগ্য স্ট্রাইকার হয়ে উঠেছেন। এবার যদি সিনিয়র দলের নতুন প্রধান কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস (Antonio López Habas) জেসিনকে খেলার সুযোগ দেন, তাহলে তিনি ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশায় লাল-হলুদ শিবির।
আগামী শনিবার শুরু হচ্ছে ডুরান্ড কাপ (Durand Cup 2026)। প্রথম ম্যাচই কলকাতা ডার্বি (Kolkata Derby)। কিন্তু এখনও হাবাস ও বিদেশি ফুটবলাররা কলকাতায় এসে পৌঁছননি। ফলে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে হয়তো ভারতীয় ফুটবলারদের নিয়েই খেলতে হবে ইস্টবেঙ্গলকে। সেক্ষেত্রে সিনিয়র দলের ফুটবলারদের পাশাপাশি কলকাতা ফুটবল লিগের দলেরও কয়েকজন খেলার সুযোগ পেতে পারেন। এই কারণেই কলকাতা ফুটবল লিগের ম্যাচগুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডুরান্ড কাপের আগে ইস্টবেঙ্গলের সিনিয়র দল প্রস্তুতি ম্যাচ খেলবে কি না এখনও জানা যায়নি। হাবাস কলকাতায় আসার পর দলের সবাইকে দেখে নিয়ে পরিকল্পনা ঠিক করবেন। তাঁকে যত দ্রুত সম্ভব কলকাতায় নিয়ে আসার চেষ্টা করছেন লাল-হলুদ কর্তারা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।