Calcutta Football League 2026: রবিবার শুরু হয়েছে এবারের কলকাতা ফুটবল লিগ। উদ্বোধনী ম্যাচে সহজ জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল (East Bengal FC)। বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমির মুখোমুখি হয়েছিল লাল-হলুদ ব্রিগেড। এই ম্যাচে বড় ব্যবধানে জয় পেল ইস্টবেঙ্গল।
KNOW
East Bengal FC: কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League 2026) ইস্টবেঙ্গলের জয়যাত্রা অব্যাহত। প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে সহজ জয় পাওয়ার পর বুধবার নিজেদের মাঠে দ্বিতীয় ম্যাচে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমিকে ৫-১ উড়িয়ে দিল লাল-হলুদ ব্রিগেড। প্রথমার্ধেই হ্যাটট্রিক করলেন বিষ্ণু পি ভি (Vishnu PV)। বাকি দুই গোল করেন জেসিন টি কে ও বিজয় মুর্মু। বিধাননগরের হয়ে একমাত্র গোল করেন সুমিত মজুমদার। তিনি এদিন নজর কেড়ে নেন। তাঁর হেড পোস্টে লেগে ফিরে না এলে আরও এক গোল পেতে পারত বিধাননগর। সুমিত যদি এই পারফরম্যান্স বজায় রাখতে পারেন, তাহলে ভবিষ্যতে বড় দলে জায়গা পেতে পারেন।
বিষ্ণুর অনবদ্য পারফরম্যান্স
২০২৩ সালে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর কলকাতা ফুটবল লিগেই প্রথমবার নজর কেড়ে নেন বিষ্ণু। তারপর তিনি তারকা হয়ে ওঠেন। তবে তারকা হয়ে উঠলেও, এবারের কলকাতা ফুটবল লিগে খেলছেন বিষ্ণু। তিনি এদিন অনবদ্য পারফরম্যান্স দেখালেন। ম্যাচের ১০ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে বাঁ পায়ের অসাধারণ শটে প্রথম গোল করেন এই তারকা। এর কিছুক্ষণের মধ্যেই সমতা ফেরান সুমিত। ২৬ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ফের দলকে এগিয়ে দেন বিষ্ণু। ৪৫ মিনিটে কর্নার-কিক থেকে গোল করে ব্যবধান বাড়ান জেসিন। পরের মিনিটেই হ্যাটট্রিক সম্পূর্ণ করেন বিষ্ণু। প্রথমার্ধের শেষে ৪-১ এগিয়েছিল ইস্টবেঙ্গল। ৮১ মিনিটে ব্যবধান বাড়ান বিজয়।
কলকাতা ফুটবল লিগে ছন্দে ইস্টবেঙ্গল
চলতি কলকাতা ফুটবল লিগের শুরু থেকেই ছন্দে ইস্টবেঙ্গল দল। বিনো জর্জের কোচিংয়ে প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে জয় পেল লাল-হলুদ ব্রিগেড। এই ছন্দ ধরে রাখাই বিষ্ণুদের লক্ষ্য। পরপর ম্যাচ জিতে ফের চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগিয়ে যাওয়াই লাল-হলুদ ব্রিগেডের লক্ষ্য। এখনও পর্যন্ত ৪১ বার কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। এবারও লিগ চ্যাম্পিয়ন হয়ে অন্য দলগুলির সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেওয়াই লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


