
Brazil National Football Team: ২৪ বছরের ব্যর্থতার আঁধার কাটিয়ে ফের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) জিতবে ব্রাজিল। এমনই আশা প্রকাশ করলেন ব্রাজিলের প্রাক্তন অধিনায়ক কাফু (Cafu)। তিনি মাদ্রিদে (Madrid) লরিয়াস অ্যাওয়ার্ডস (Laureus Awards) অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'শেষবার খেতাব জয়ের পর ২৪ বছর কেটে গিয়েছে। আমার মনে হয় এবার ব্রাজিলের জন্য উপযুক্ত সময়।' কাফুর নেতৃত্বেই ২০০২ সালে শেষবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। জাপানের (Japan) ইয়োকোহামায় (Yokohama) ফাইনালে জার্মানিকে (Germany) ২-০ হারিয়ে পঞ্চমবার বিশ্বকাপ জেতে ব্রাজিল। জোড়া গোল করেন রোনাল্ডো (Ronaldo Luís Nazário de Lima)। তারপর এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। ষষ্ঠ খেতাবের অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে। তবে এবার অপেক্ষার অবসান হবে বলে আশাবাদী কাফু।
১৯৭০ সালে তৃতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ২৪ বছর খেতাব অধরা ছিল ব্রাজিলের। ১৯৯৪ সালে চতুর্থ খেতাব আসে। সেবার ফাইনালে ইতালিকে (Italy) টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। সেই দলে ছিলেন কাফু। তারপর ১৯৯৮ সালে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের (France) কাছে হেরে রানার্স হয় ব্রাজিল। ১৯৯৪ থেকে ২০০২ পর্যন্ত পরপর তিনবার বিশ্বকাপ ফাইনাল খেলে দু'বার চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। সেই সময় ব্রাজিল ফুটবলের সোনার সময় চলছিল। কিন্তু তারপর থেকে আর কোনওবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে পারেনি ব্রাজিল। তবে এবার খেতাব আসবে বলে আশা করছেন কাফু। তাঁর মতে, ব্রাজিল যদি গোল না হজম করে, তাহলে প্রতি ম্যাচেই গোল করে জয় পেতে পারে।
এখন ব্রাজিলের কোচ কার্লো অ্যান্সেলোত্তি (Carlo Ancelotti)। তিনি ক্লাব পর্যায়ে রিয়াল মাদ্রিদকে (Real Madrid) অনেক সাফল্য এনে দিয়েছেন। এবার এই কোচ ব্রাজিলকেও খেতাব জেতাবেন বলে আশাবাদী কাফু। তিনি বলেছেন, ‘আমরা কার্লো অ্যান্সেলোত্তিকে কোচ হিসেবে নিয়ে এসেছি। উনি ধারাবাহিকভাবে খেতাব জিতেছেন। এবার উনি ব্রাজিলিয়ান জাতীয় দলে মহত্ব যোগ করবেন।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।