
FIFA World Cup 2026 Updates: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ডি আর কঙ্গোকে (Colombia vs DR Congo) ১-০ হারিয়ে চলতি বিশ্বকাপ ফুটবলের নক-আউটে পৌঁছে গেল কলম্বিয়া। কঙ্গোর গোলকিপার লিওনেল এমপাসি (Lionnel Mpasi Nzau) প্রাণপণ লড়াই করেও দলের পতন রোধ করতে পারলেন না। ৭৬ মিনিটে ড্যানিয়েল মুনোজের (Daniel Munoz) শট কঙ্গোর এক ডিফেন্ডারের পায়ে লেগে দিকে পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। গোলকিপারের কিছু করার ছিল না। তিনি একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে দিলেও, একমাত্র গোলে জয় পেল কলম্বিয়া। কঙ্গো অবশ্য সমতা ফেরানোর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু কলম্বিয়ার গোলকিপার ক্যামিলো ভার্গাসও (Camilo Vargas) অসাধারণ পারফরম্যান্স দেখান। তিনিও একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। দুই দলের গোলকিপারের দুর্দান্ত লড়াইয়ের মধ্যে পার্থক্য গড়ে দিলেন মুনোজ।
চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের (Uzbekistan) বিরুদ্ধে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে কঙ্গোকে হারিয়ে গ্রুপ কে-তে দুই ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে নক-আউটে পৌঁছে গেল কলম্বিয়া। এই গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা পর্তুগাল (Portugal) দুই ম্যাচ খেলে চার পয়েন্ট পেয়েছে। গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়া-পর্তুগাল লড়াই হবে। সেই ম্যাচে যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা (Cristiano Ronaldo) জয় পান, তাহলে তাঁরা গ্রুপের শীর্ষে থেকে নক-আউটের যোগ্যতা অর্জন করবেন। ম্যাচ ড্র হলে বা কলম্বিয়া জয় পেলে মুনোজরাই গ্রুপের শীর্ষে থাকবেন। ফলে এই গ্রুপের শেষ ম্যাচ অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।
চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালকে আটকে দেয় কঙ্গো। তারা দুই ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে। শেষ ম্যচে উজবেকিস্তানকে হারাতে পারলে চার পয়েন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে তৃতীয় দল হিসেবে নক-আউটের যোগ্যতা অর্জন করার সুযোগ থাকবে। কঙ্গো এবার যে পারফরম্যান্স দেখাচ্ছে, তাতে নক-আউটের যোগ্যতা অর্জন করা উচিত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।