
FIFA World Cup 2026 Updates: চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ২-৪ হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে পানামার বিরুদ্ধে (Croatia vs Panama) ১-০ জয় পেল ক্রোয়েশিয়া। ৫৪ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন পরিবর্ত আন্তে বাডিমির (Ante Budimir)। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোরে কানাডার (Canada) টরন্টো স্টেডিয়ামে (Toronto Stadium) গ্রুপ এল-এর ম্যাচে জয় পেয়ে অঙ্কের বিচারে নক-আউটের যোগ্যতা অর্জনের দৌড়ে টিকে থাকল ক্রোয়েশিয়া। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে ঘানার (Ghana) কাছে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও হেরে নক-আউটের দৌড় থেকে কার্যত ছিটকে গেল পানামা। ক্রোটদের পক্ষেও অবশ্য নক-আউটের যোগ্যতা অর্জন করা কঠিন। কারণ, গ্রুপের শেষ ম্যাচে লুকা মডরিচদের (Luka Modrić) প্রতিপক্ষ ঘানা। সেই ম্যাচের ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
ক্রোয়েশিয়ার কিংবদন্তি মডরিচ এবার শেষ বিশ্বকাপে খেলছেন। এই তারকা মিডফিল্ডার দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে আসছেন। তিনি পানামার বিরুদ্ধে ম্যাচে নতুন নজির গড়লেন। সিনিয়র জাতীয় দলের হয়ে ২০০-তম ম্যাচ খেললেন এই তারকা। তিনি ইউরোপের দ্বিতীয় ফুটবলার হিসেবে সিনিয়র জাতীয় দলের হয়ে ২০০ ম্যাচ খেলার নজির গড়লেন। তবে এই নজির গড়লেও, এবার মডরিচ ও তাঁর দলের পক্ষে বিশ্বকাপে বেশিদূর যাওয়া কঠিন। ক্রোয়েশিয়ার ফুটবল এখন বদলের মধ্যে দিয়ে যাচ্ছে। সোনালি প্রজন্মের ফুটবলাররা সরে যাচ্ছেন এবং তরুণরা তাঁদের জায়গা নিচ্ছেন। তরুণ ফুটবলারদের তৈরি হতে সময় লাগবে।
চলতি বিশ্বকাপ ফুটবলের ফর্ম্যাট অনুযায়ী, প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল এবং সব গ্রুপ মিলিয়ে তৃতীয় স্থানে থাকা সেরা আট দল নক-আউটের যোগ্যতা অর্জন করবে। গ্রুপ এল-এ দুই ম্যাচ করে খেলে চার পয়েন্ট করে পেয়েছে ইংল্যান্ড ও ঘানা। গোলপার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষে ইংল্যান্ড। তারা শেষ ম্যাচে পানামার বিরুদ্ধে জয় পেলে গ্রুপের শীর্ষে থেকে নক-আউটে পৌঁছে যাবে। ক্রোয়েশিয়াকে নক-আউটের যোগ্যতা অর্জন করতে হলে ঘানার কাছে হারা চলবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।