
FIFA World Cup 2026 Updates: বৃষ্টিভেজা মাঠে আক্রমণ-প্রতি আক্রমণে অসাধারণ ফুটবল। এক উপভোগ্য ম্যাচ দেখার সুযোগ পেলেন দর্শকরা। চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) গ্রুপ এল-এর শেষ ম্যাচে পানামার বিরুদ্ধে ২-০ জয় পেল ইংল্যান্ড (England vs Panama)। প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকার পর ৬২ মিনিটে প্রথম গোল করেন জুড বেলিংহ্যাম (Jude Bellingham)। বুকায়ো সাকার (Bukayo Saka) কর্নার কিকে আলতো করে বাঁ পা ছুঁইয়ে জালে বল জড়িয়ে দেন বেলিংহ্যাম। এই দৃষ্টিনন্দন গোলের পাঁচ মিনিটের মধ্যে দ্বিতীয় গোল হয়। এবার বেলিংহ্যাম গোলের পাস বাড়ান। তাঁর কাছ থেকে বল পেয়ে গোল করেন হ্যারি কেন (Harry Kane)। ম্যাচের শেষদিকে এক গোল করে পানামা। কিন্তু অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়।
এবারের বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে (Croatia) ৪-২ উড়িয়ে দেয় ইংল্যান্ড। এরপর দ্বিতীয় ম্যাচে ঘানার (Ghana) সঙ্গে গোলশূন্য ড্র করলেও, তারপর ঘুরে দাঁড়িয়ে পানামার বিরুদ্ধে সহজ জয় পেল ইংল্যান্ড। এদিন পানামা দারুণ লড়াই করে। শুরু থেকেই ইংল্যান্ডের আক্রমণ বেশি থাকলেও, পানামা প্রতি আক্রমণ করছিল। তাদের রক্ষণও জমাট ছিল। এর ফলেই প্রথমার্ধে গোল করতে পারেনি ইংল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে অল্পক্ষণের ব্যবধানে পরপর দুই গোল হয়ে যাওয়ায় পানামার পক্ষে আর ইংল্যান্ডকে আটকানো সম্ভব হয়নি।
পানামার বিরুদ্ধে এই ম্যাচে জয় পাওয়ার ফলে তিন ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ এল-এর শীর্ষে থেকেই নক-আউটের যোগ্যতা অর্জন করল ইংল্যান্ড। শেষ ম্যাচে ঘানাকে হারিয়ে তিন ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে এই গ্রুপে দ্বিতীয় স্থানে থাকল ক্রোয়েশিয়া। তিন ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে থাকল ঘানা। এই তিন দলই নক-আউটে পৌঁছে যাচ্ছে। তবে পানামা এবারের বিশ্বকাপ ফুটবলে তিন ম্যাচে কোনও গোল করতে না পারে এবং তিন ম্যাচই হেরে গ্রুপ থেকে বিদায় নিল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।