
FIFA World Cup 2026 Updates: বিশ্বকাপ ফুটবলের আয়োজক ফিফা, অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতিই (US Visa Policy) শেষ কথা। বিশ্বকাপের সঙ্গে নানাভাবে যুক্ত যাঁদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না, তাঁদের পাশে নেই ফিফা। ফুটবল মাঠে বৈষম্য, বর্ণবিদ্বেষ-বিরোধী বার্তা দেওয়া হয়। ফুটবলের মাধ্যমে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করার বার্তা দেওয়া হয়। অথচ স্বয়ং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো (FIFA President Gianni Infantino) মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির বিরুদ্ধে কোনও কথা বলতে নারাজ। তিনি সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের জবাব দেওয়ার বদলে শান্ত থাকা এবং বিশ্বকাপ উপভোগ করার পরামর্শ দিয়েছেন। বিশ্বকাপ শুরু হওয়ার আগে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। ফিফার ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। কিন্তু সেসব এড়িয়ে যাচ্ছেন ফিফা প্রেসিডেন্ট।
সোমালিয়ার (Somalia) রেফারি ওমর আবদুলকাদির আর্তানকে (Omar Abdulkadir Artan) মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ইরানের ফুটবল সংস্থা অভিযোগ করেছে, ফুটবল ফেডারেশনের সেক্রেটারি-জেনারেল হেদায়াত মমবেইনি, ভাইস প্রেসিডেন্ট মেহদি মহম্মদ নবি-সহ দলের মোট ১৪ জন সদস্য এখনও ভিসা পাননি। ইরাকের (Iraq) স্ট্রাইকার আয়মেন হুসেনকে (Aymen Hussein) শিকাগোর (Chicago) ও'হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে (O'Hare International Airport) প্রায় সাত ঘণ্টা জেরা করা হয়। ইরাকের জাতীয় দলের চিত্রগ্রাহক তালাল সালাহকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি। তাঁকে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করার পর জানিয়ে দেওয়া হয়, প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এই ঘটনাগুলি নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। অথচ ফিফার কোনও হেলদোল নেই।
সোমালিয়ার প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপের মূলপর্বে ম্যাচ পরিচালনা করার জন্য বেছে নেওয়া হয়েছিল ওমরকে। কিন্তু মার্কিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগ থাকার অভিযোগ থাকায় তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই রেফারির পাশে থাকছে না ফিফা। ইনফ্যান্তিনোর দাবি, তাঁরা সরকারকে কোনও নির্দেশ দিতে পারেন না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।