
FIFA World Cup 2026: উয়েফা (UEFA), এএফসি (AFC), কনকাকাফের (CONCACAF) বিদ্রোহের জেরে পিছু হঠতে বাধ্য হলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো (FIFA President Gianni Infantino)। বিশ্বকাপ ফুটবলের মালিকানার একাংশ বেসরকারি বিনিয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা বাতিল করার কথা ঘোষণা করল ফিফা। এক বিবৃতিতে জানানো হয়েছে, 'সব পক্ষের মতামত মনোযোগ দিয়ে শোনার পর এখন স্পষ্ট হয়েছে যে, এই প্রকল্প এমন ধরনের বিভাজনের সৃষ্টি করেছে, যা সমর্থনের মাত্রা যাই হোক না কেন, আমাদের প্রাথমিক লক্ষ্য ও উদ্দেশ্যের জন্য আর সহায়ক নয়। আমাদের উদ্দেশ্য সবসময়ই ছিল এবং ভবিষ্যতেও থাকবে, সবাইকে একত্রিত করা এবং ফুটবলের উন্নয়ন ঘটানো। ফলে, এই প্রস্তাবটি আর এগিয়ে নেওয়া হবে না।'
বিতর্কিত প্রস্তাব বাতিল করে দিলেও, এর স্বপক্ষে ফিফা যুক্তি দিয়েছে, ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (FIFA Forward Enterprise) প্রকল্পের লক্ষ্য ছিল আমাদের ফিফার সদস্য সংস্থাগুলিকে (Member Associations) আরও শক্তিশালী করার ভিত্তি তৈরি করা এবং বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে সহায়তা করা। বিশেষ করে যেসব দেশে সবচেয়ে বেশি সহায়তার প্রয়োজন, সেখানে এই উদ্যোগের মাধ্যমে উন্নয়নের গতি বাড়ানোই ছিল মূল উদ্দেশ্য। পাশাপাশি শুরু থেকেই আমরা স্পষ্ট করে দিয়েছিলাম, এই প্রকল্প তখনই বাস্তবায়িত হবে যখন ফিফার অধিকাংশ সদস্য সংস্থা এর পক্ষে থাকবে এবং পুরো প্রক্রিয়াটি সদস্য সংস্থা, ফিফা কাউন্সিল, কনফেডারেশন এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে পরামর্শের ভিত্তিতেই পরিচালিত হবে।’
ফিফার পক্ষ থেকে আরও বলা হয়েছে, 'আগামী দিন ও সপ্তাহগুলিতে আমি সংশ্লিষ্ট সব পক্ষকে আবারও একত্রিত করার উদ্যোগ নেব। আমাদের সবার অভিন্ন স্বার্থ ফুটবলকে সামনে রেখে আমরা কাজ করব, যাতে বিশ্বের সর্বত্র ফুটবলের আরও উন্নতি সম্ভব হয়, বিশেষ করে যেসব দেশ আমাদের সহায়তার সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করছে।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।