FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপ ফুটবল চলাকালীন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোর (FIFA president Gianni Infantino) ভূমিকা নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়েছে। বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরেও এই বিতর্ক থামছে না। ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে ইউরোপে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
FIFA president Gianni Infantino: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) চাপের কাছে নতিস্বীকার করেই কি বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup) অংশীদারিত্ব বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো? ফিফার এই পরিকল্পনা প্রকাশ্যে আসার পরেই বিতর্ক তৈরি হয়েছে। এক মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফিফা এমন একটি কাঠামো নিয়ে কাজ করছে, যেখানে তারা বিশ্বকাপের বেশিরভাগ অংশীদারিত্ব নিজেদের নিয়ন্ত্রণে রাখবে। তবে কিছু অংশ ২১১টি সদস্য দেশের ফুটবল ফেডারেশন এবং বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে দিতে চাইছে। বিশ্বজুড়ে ফুটবল উন্নয়ন খাতে ১০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ বিনিয়োগের বৃহত্তর পরিকল্পনার অংশ বলে জানিয়েছে ফিফা। আরও জানানো হয়েছে, সদস্য ফেডারেশনগুলির অনুমোদন সাপেক্ষে বিশ্বব্যাপী ফুটবলে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।
ফিফার বিরোধিতায় উয়েফা
এবারের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) চলাকালীন ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে উয়েফা (UEFA)। লা লিগার (La Liga) পক্ষ থেকেও ফিফার সমালোচনা করা হয়েছে। এবার বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে ফিফা প্রেসিডেন্টকে তোপ দেগে উয়েফা এক বিবৃতিতে বলেছে, ‘এটি এমন একটি সীমা, যা ফুটবলের পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর কখনওই অতিক্রম করা উচিত নয়। বিষয়টিকে উয়েফা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। প্রতিটি জাতীয় ফুটবল ফেডারেশন, লিগ, ক্লাব, খেলোয়াড়, সমর্থক, সরকার এবং যারা ফুটবলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, সবারই বিষয়টি একই গুরুত্বের সঙ্গে দেখা উচিত। ফুটবলের আত্মা ও পরিচালনব্যবস্থা কোনও বেচাকেনার সম্পদ নয়। বিশেষ করে যখন কে আর্থিকভাবে লাভবান হবে সে বিষয়ে কোনও স্বচ্ছতা নেই। আমাদের কেউই ফুটবলের মালিক নই। এটি ফিফার বিক্রি করার সম্পত্তি নয়।’
ব্যক্তিগত স্বার্থ দেখছেন ইনফ্যান্তিনো!
মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা বাস্তবায়িত করতে পারলে ২০৩১ সালে ফিফা প্রেসিডেন্ট পদে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর বিশ্বকাপের কমিশনার হিসেবে থেকে যেতে পারেন ইনফ্যান্তিনো। ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের স্বামী জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনার বিশ্বকাপের অংশ কেনার ইচ্ছাপ্রকাশ করেছেন। এই কারণেই ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


