Indian Super League 2026: জমে উঠেছে আইএসএল। চলতি এমজি ইন্ডিয়ান সুপার লিগ ২০২৬-২৭ মরশুমের মঞ্চে শুক্রবার, গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম বেঙ্গালুরু এফসি (Indian Super League 2026)। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে। অর্থাৎ, সামনে এবার বেঙ্গালুরু এফসি, হাইভোল্টেজ ম্যাচে শীর্ষস্থান ধরে রাখাই প্রধান লক্ষ্য নর্থইস্ট ইউনাইটেড এফসির (NorthEast United FC match preview)। এই মুহূর্তে লিগ টেবিলের একেবারে উপরে রয়েছে নর্থইস্ট। তাই এবার বেঙ্গালুরু ম্যাচ জিতেও সেই জায়গা ধরে রাখতে বদ্ধপরিকর তারা। আপাতত প্রথম তিনটি ম্যাচ থেকে ৭ পয়েন্ট ঘরে তুলেছে নর্থইস্ট ইউনাইটেড। নেপথ্যে তাদের আক্রমণাত্মক মানসিকতা, রক্ষণভাগের দৃঢ়তা এবং ঘরের মাঠের দর্শকদের অনবরত সমর্থন। আর সেই সুবাদেই তারা মোহনবাগান এবং কেরালার বিরুদ্ধে জয় পেয়েছে এবং ওড়িশার বিরুদ্ধে ড্র করেছে জুয়ান পেদ্রো বেনালির ছেলেরা।
এই প্রসঙ্গে দলের কোচ জানিয়েছেন, “মানসিকতার কথা যদি বলি, আমরা এখন প্রতিটি ম্যাচেই এমন মানসিকতা নিয়ে মাঠে নামছি যে, আমরা আর দুর্বল বা পিছিয়ে থাকা কোনও দল নই। দলের এই আত্মবিশ্বাস এবং ঐক্যই তাদের মরশুম শুরুর পথচলাকে অনেক বেশি সুসংহত করেছে।" অন্যদিকে, বেঙ্গালুরু এফসি আবার দুই ম্যাচ খেলে থেকে ছয় পয়েন্ট সংগ্রহ করেছে। তারা স্পোর্টিং ক্লাব দিল্লিকে ৩-২ ব্যবধানে হারানোর পর, চেন্নাইয়িন এফসি-র বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে। নর্থইস্ট ইউনাইটেড এফসির হেড কোচ বেনালি মনে করেন, কৌশলগতভাবে সুশৃঙ্খল প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচটি বেশ কঠিন হতে চলেছে। তাঁর কথায়, “বেঙ্গালুরু কৌশলগত দিক থেকে শক্তিশালী এবং তাদের দলে বেশ কয়েকজন দারুণ ফুটবলার রয়েছে। পাশাপাশি সেই দলে একজন ভালোমানের কোচও রয়েছেন। যিনি জানেন তিনি ঠিক কী করতে চলেছেন। তাই ম্যাচটি একেবারেই সহজ হবে না। আসলে এই ম্যাচে, খেলার খুঁটিনাটি বিষয়, মনোযোগ এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোই ব্যবধান গড়ে দিতে পারে।"
নর্থইষ্টের অভিজ্ঞ গোলকিপার গুরমিতের বক্তব্য, "তারা নিঃসন্দেহে একটি ভালো দল। তবে নিজেদের সক্ষমতার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। কোচ যেমনটা বলেছেন, দর্শকদের জন্য এটি একটি উপভোগ্য ম্যাচ হতে চলেছে এবং আমারও মনে হয়, আমরা এই চ্যালেঞ্জটি মোকাবিলা করার জন্য প্রস্তুত।” প্রসঙ্গত, এর আগে মোট ১৯ বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে ৯টি ম্যাচে জিতেছে বেঙ্গালুরু, দুটি ম্যাচে জিতেছে নর্থইস্ট ইউনাইটেড এবং বাকি আটটি ম্যাচ ড্র হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।