
FIFA World Cup 2026: বিতর্কের জেরে কলকাতা থেকে লিওনেল মেসির (Lionel Messi) বিশাল মূর্তি সরিয়ে নেওয়া হলেও, তাঁর নিজের দেশ আর্জেন্টিনায় (Argentina) বিরাট মূর্তি তৈরি করা হয়েছে। আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তে পাটাগোনিয়ান (Patagonian) মরুভূমি অঞ্চলে কাটলার কো (Cutral Có) শহরে মেসির ৮৫ ফুট উচ্চতার মূর্তি তৈরি করা হয়েছে। ৭০ টন ইস্পাতের মাধ্যমে এই মূর্তি তৈরি করা হয়েছে। স্থানীয় স্থপতি অ্যালদো বেরোইসা (Aldo Beroisa) মেসির মূর্তি তৈরি করতে ১৮ মাস সময় নিয়েছেন। ২০২২ সালে বিশ্বকাপ (2022 FIFA World Cup) জেতার পর কাতারের (Qatar) লুসেইল স্টেডিয়ামে (Lusail Stadium) হাঁটু গেড়ে বসে পড়েন আর্জেন্টিনার অধিনায়ক। ফুটবলের ইতিহাসে এই মুহূর্ত চিরস্মরণীয় হয়ে রয়েছে। মূর্তির মাধ্যমে সেই মুহূর্তই ফুটিয়ে তুলেছেন শিল্পী।
মেসির মূর্তি তৈরি করা প্রসঙ্গে শিল্পী বলেছেন, ‘উনি আর্জেন্টিনার স্বাভাবিক দূত। আমার কাছে এই মূর্তি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। শুধু একজন শিল্পী হিসেবেই নয়, আর্জেন্টাইন হিসেবেও এই মূর্তি তৈরি করতে পেরে আমি খুশি।’ মেসির এই মূর্তি তৈরি করা হয়েছে, সেই অঞ্চল তেলের জন্য বিখ্যাত। এখানে পর্যটন কেন্দ্রের চেয়ে কারখানাই বেশি। তবে এবার মেসির মূর্তি তৈরি হওয়ায় পর্যটকদের ভিড় বাড়ছে। অনেকেই এই মূর্তি দেখতে যাচ্ছেন। এতে খুশি শিল্পী।
গত বছরের ডিসেম্বরে কলকাতায় এসেছিলেন মেসি। সেই সময় লেক টাউনে তাঁর ৭০ ফুট উচ্চতার মূর্তি উদ্বোধন করা হয়। তবে সেই মূর্তি নিয়ে বিতর্ক তৈরি হয়। আইনি জটিলতার পাশাপাশি সুরক্ষা নিয়েও প্রশ্ন তৈরি হয়। কারণ, এই মূর্তি বাতাসে দুলছিল। বিশাল মূর্তি ভেঙে পড়লে পথচলতি মানুষ জখম হতে পারেন বলেন আশঙ্কা তৈরি হয়েছিল। এই কারণেই মেসির মূর্তি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতার এই মূর্তি যে রেকর্ড গড়েছিল, তা ছাপিয়ে গেল আর্জেন্টিনা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।