Ballon d'Or 2026: 'কঠোর পরিশ্রমের স্বীকৃতি পেলে,' হ্যারি কেনের জন্য গর্বিত বিরাট কোহলি

Published : Oct 27, 2026, 01:31 PM IST
Harry Kane Ballon d'Or

সংক্ষিপ্ত

Men's Ballon d'Or 2026: ২৫ বছর পর ইংল্যান্ডের কোনও ফুটবলার পুরুষদের ব্যালন ডি'অর জিতলেন। বায়ার্ন মিউনিখের (FC Bayern Munich) হয়ে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে এবার এই পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের (England) অধিনায়ক হ্যারি কেন (Harry Kane)। তিনি ব্যালন ডি'অর জেতায় খুশি ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলি (Virat Kohli)।

DID YOU KNOW ?
বিশ্বকাপে ৬ গোল কেনের
এবারের বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডের হয়ে ৬ গোল করেন অধিনায়ক হ্যারি কেন। তৃতীয় হয় ইংল্যান্ড।

Harry Kane wins Ballon d'Or 2026: বন্ধু হ্যারি কেন প্রথমবার ব্যালন ডি’অর জেতায় উচ্ছ্বসিত বিরাট কোহলি। ইংল্যান্ডের (England) অধিনায়ক এবং বায়ার্ন মিউনিখের (FC Bayern Munich) তারকা স্ট্রাইকারের এই ঐতিহাসিক সাফল্যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক পোস্টের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কেনের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং ধারাবাহিকতার প্রশংসা করে আবেগঘন বার্তা দিয়েছেন বিরাট। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, 'হ্যারি, আমার বন্ধু, এত বছর ধরে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে তোমার অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং সততার সঙ্গে নিজেকে যেভাবে তুলে ধরেছো, তার জন্য এই পুরস্কারের প্রতিটি অংশই তোমার প্রাপ্য। তোমার জন্য আমি সত্যিই খুব খুশি। ঈশ্বর তোমাকে এবং তোমার পরিবারকে আশীর্বাদ করুন। তোমার এই যাত্রা নিয়ে তোমার পরিবার নিশ্চয়ই খুব গর্বিত। যেমন তুমি নিজেও তোমার সাফল্য নিয়ে গর্বিত। সব সময় আমার শুভকামনা রইল। অভিনন্দন।'

২৫ বছর পর ব্যালন ডি’অর জয় ইংরেজ ফুটবলারের

লন্ডনে (London) অনুষ্ঠিত ব্যালন ডি’অর অনুষ্ঠানের পর বন্ধু কেনকে শুভেচ্ছা জানিয়েছেন বিরাট। কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) ও ল্যামিন ইয়ামালকে (Lamine Yamal) পিছনে ফেলে পুরুষদের ব্যালন ডি’অর জিতেছেন কেন। ২০০১ সালে মাইকেল ওয়েনের (Michael Owen) পর প্রথম ইংরেজ ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতলেন কেন। সবমিলিয়ে পুরুষদের ব্যালন ডি’অর জয়ী পঞ্চম ইংরেজ ফুটবলার হলেন বায়ার্ন মিউনিখের তারকা। এর আগে এই জিতেছেন স্ট্যানলি ম্যাথিউজ (Stanley Matthews), ববি চার্লটন ও কেভিন কিগান (Bobby Charlton)।

অসাধারণ পারফরম্যান্স কেনের

২০২৫-২৬ মরসুমে বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন কেন। সব টুর্নামেন্ট মিলিয়ে ৬১ গোল করেন এই স্ট্রাইকার। তিনি দলকে বুন্দেশলিগা (Bundesliga), জার্মান কাপ (DFB-Pokal) এবং ফ্রাঞ্জ বেকেনবাওয়ার সুপার কাপ (Franz Beckenbauer Supercup) জেতান। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) ১৪ গোল করেন কেন। যদিও সেমি-ফাইনালে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন প্যারিস সাঁ জারমাঁর (Paris Saint-Germain) কাছে হেরে বিদায় নিতে হয় বায়ার্নকে। এবারের বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) ইংল্যান্ডের হয়ে ছয় গোল করে দলকে তৃতীয় স্থান পেতে সাহায্য করেন অধিনায়ক।

একাধিক ব্যক্তিগত পুরস্কার কেনের

ব্যালন ডি’অর জেতার পাশাপাশি আরও দু’টি ব্যক্তিগত সম্মান পেয়েছেন কেন। বর্ষসেরা পুরুষ স্ট্রাইকারের পুরস্কার জেতার পাশাপাশি ইউরোপের ঘরোয়া লিগগুলির সর্বোচ্চ গোলদাতা হিসেবে ইউরোপিয়ান গোল্ডেন শু-ও জিতেছেন তিনি। কেনের কেরিয়ারে এই সাফল্য বিশেষ তাৎপর্যপূর্ণ। টটেনহ্যাম হটস্পারের (Tottenham Hotspur) হয়ে দীর্ঘদিন খেললেও বড় ট্রফি জয়ের অপেক্ষা ছিল তাঁর। ২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর কেরিয়ারের নতুন অধ্যায় শুরু হয় ইংল্যান্ডের অধিনায়কের। জার্মান ক্লাবের হয়ে ধারাবাহিক গোল এবং একের পর এক ট্রফি জয় তাঁকে ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার করে তোলে। পুরস্কার গ্রহণের সময় তাঁকে ভোট দেওয়া ব্যক্তিদের পাশাপাশি বায়ার্নের সতীর্থদেরও ধন্যবাদ জানান কেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৫
২৫ বছর পর ব্যালন ডি'অর জিতলেন কোনও ইংরেজ ফুটবলার।
২০০১ সালে ব্যালন ডি'অর জেতেন মাইকেল ওয়েন। ২৫ বছর পর ব্যালন ডি'অর জিতলেন কোনও ইংরেজ ফুটবলার।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Mirabai Chanu: ২০২৬ সালের বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারতকে নেতৃত্ব দেবেন মীরাবাঈ চানু
Abhishek Sharma: টি-২০ ম্যাচে ১১-তম শতরান, বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন অভিষেক শর্মা