
FIFA World Cup 2026 Updates: বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ১৬-এর ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে দ্বিতীয়ার্ধের সংযুক্ক সময় মিলিয়ে ৪৫ মিনিটেরও বেশি সময় ১০ জনে খেলে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড (Mexico vs England)। ম্যাচের ফল ৩-২। এটাই চলতি বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ছিল। শুরু থেকেই আক্রমণের ঝড় তুলছিল মেক্সিকো। সেই সময় নিজেদের বক্সেই আটকেছিলেন ইংল্যান্ডের ফুটবলাররা। তাঁরা খোলস ছেড়ে বেরোতেই ম্যাচের রং বদলে যায়। ৩৬ মিনিটে প্রতি-আক্রমণ থেকে বুকায়ো সাকার (Bukayo Saka) নিচু ক্রসে মাথা ছুঁইয়ে ম্যাচের প্রথম গোল করেন জুড বেলিংহ্যাম (Jude Bellingham)। তিনিই দু'মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান। অধিনায়ক হ্যারি কেনের (Harry Kane) কাছ থেকে বল পেয়ে দলের ও নিজের দ্বিতীয় গোল করেন বেলিংহ্যাম। দু'গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা শুরু করে মেক্সিকো। তারা এই চেষ্টায় কিছুটা সফলও হয়। ৪২ মিনিটে অসাধারণ শটে গোল করে ব্যবধান কমান জুলিয়ান কুইনোনস (Julián Quiñones)। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ২-১। এরপর দ্বিতীয়ার্ধে আরও নাটকীয় হয়ে ওঠে ম্যাচ।
দ্বিতীয়ার্ধের নবম মিনিটে জেসাস গ্যালার্ডোর (Jesús Gallardo) সিন বোনে সরাসরি বুটের স্টাড দিয়ে আঘাত করেন জারেল কুয়ানসাহ (Jarell Quansah)। প্রথমে ফাউল না দিলেও, পরে ভিএআর-এর (VAR) সাহায্য নিয়ে লাল কার্ড দেখান রেফারি। ১০ হয়ে যাওয়ার পরেও অবশ্য লড়াই থেকে সরে যায়নি ইংল্যান্ড। তখনও এই ঘটনাবহুল ম্যাচে অনেককিছু বাকি ছিল। ৫৮ মিনিটে পেনাল্টি পায় ইংল্যান্ড। গোল করে দলকে ৩-১ এগিয়ে দেন কেন। ৬৯ মিনিটে পেনাল্টি পায় মেক্সিকো। গোল করে ব্যবধান কমান রাউল জিমেনেজ (Raúl Jiménez)। এরপর সমতা ফেরানোর অনেক চেষ্টা করে মেক্সিকো। সহকারী রেফারি ১১ মিনিট সংযুক্ত সময় দেন। কিন্তু তারপরেও সমতা ফেরাতে পারেনি মেক্সিকো। ফলে স্মরণীয় জয় পায় ইংল্যান্ড।
এবারের বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচ থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে মেক্সিকো। ইংল্যান্ডের বিরুদ্ধেও দারুণ লড়াই করলেন অন্যতম আয়োজক দেশের ফুটবলাররা। কিন্তু তাঁরা অল্পের জন্য হেরে গিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিলেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।