Brazil vs Norway: পুরুষদের সিনিয়র ফুটবলে ব্রাজিলের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ নরওয়ে। চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) রাউন্ড অফ ১৬ পর্যায়ের এই ম্যাচের আগে চারবার নরওয়ের মুখোমুখি হয়ে কোনও ম্যাচেই জয় পায়নি ব্রাজিল। সেই চাপ মাথায় নিয়ে খেলতে নেমে এবারও নেইমারদের (Neymar) বারবার বাধার মুখে পড়তে হল।
KNOW
FIFA World Cup 2026 Updates: ১৯৯৮ সালে বিশ্বকাপ ফুটবল ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন ফ্রান্সের (France) জিনেদিন জিদান (Zinedine Zidane)। তখনও জন্ম হয়নি নরওয়ের (Brazil vs Norway) স্ট্রাইকার আর্লিং হ্যালান্ডের (Erling Haaland)। ২৮ বছর পর ভারতীয় সময় অনুযায়ী রবিবার গভীর রাতে চলতি বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ ১৬-এর ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে জোড়া গোল করলেন হ্যালান্ড। তাঁর জোড়া গোলেই ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেল নরওয়ে। ম্যাচের ফল ২-১। শেষমুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নামা নেইমার (Neymar)। ফের বিশ্বকাপ অধরা থেকে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। 'হেক্সা' এবারও স্বপ্নই থেকে গেল। ২৪ বছরের খরা কাটল না। ফের চার বছর অপেক্ষা করতে হবে সারা বিশ্বে ছড়িয়ে থাকা ব্রাজিল সমর্থকদের।

পেনাল্টি নষ্ট করে হার ব্রাজিলের
এদিন ম্যাচ শুরু হওয়ার তিন মিনিটের মধ্যেই গোল করে ফেলেছিল নরওয়ে। অসাধারণ গোল করেন প্যাট্রিক বার্গ (Patrick Berg)। কিন্তু অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়। প্রাথমিক ধাক্কা সামলে ম্যাচে ফেরে ব্রাজিল। ১২ মিনিটে পেনাল্টি পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গুইমারেজ (Bruno Guimarães)। তাঁর শট সেভ করে দেন নরওয়ের গোলকিপার ওরইয়ান নিল্যান্ড (Ørjan Nyland)। তিনি আরও কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। ব্রাজিলের গোলকিপার অ্যালিসন বেকারও (Alisson Becker) একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। হ্যালান্ড যে মাঠে আছেন সেটাই বোঝা যাচ্ছিল না। কিন্তু দ্বিতীয়ার্ধে পরিস্থিতি বদলে যায়। ৭৯ মিনিটে মাপা হেডে অসাধারণ গোল করে নরওয়েকে এগিয়ে দেন হ্যালান্ড। এরপর ৯০ মিনিটের মাথায় বাঁ পায়ের অসাধারণ শটে তিনি জাল কাঁপিয়ে দেন। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ের শেষমুহূর্তে পেনাল্টি পায় ব্রাজিল। গোল করেন নেইমার। তবে তাঁর এই গোলে কোনও লাভ হল না।
গোল্ডেন বুটের লড়াইয়ে হ্যালান্ড
চলতি বিশ্বকাপ ফুটবলে এখনও পর্যন্ত সাত গোল করে সর্বাধিক গোলদাতা হওয়ার দৌড়ে সবার আগে লিওনেল মেসি (Lionel Messi), কিলিয়ান এমবাপে (Kylian Mbappé) ও হ্যালান্ড। ব্রাজিলের বিরুদ্ধে জোড়া গোল করে মেসি ও এমবাপেকে ছুঁয়ে ফেললেন নরওয়ের তারকা।
ব্রাজিলের বিরুদ্ধে অপরাজিত নরওয়ে
পুরুষদের সিনিয়র ফুটবলে এখনও পর্যন্ত ব্রাজিলের বিরুদ্ধে পাঁচ ম্যাচ খেলেছে নরওয়ে। এর মধ্যে তারা তিন ম্যাচে জয় পেয়েছে। বাকি দুই ম্যাচ ড্র হয়েছে। ব্রাজিল এখনও পর্যন্ত নরওয়েকে হারাতে পারেনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


