
Mohun Bagan Super Giant: রেস্তোরাঁর নাম 'সবুজ-মেরুন।' এ বছরের দুর্গাপুজোর (Durga Puja 2026) ঠিক আগে হাওড়ার সাঁতরাগাছিতে ব্রজনাথ লাহিড়ী লেনে চালু হয়েছে এই রেস্তোরাঁ। রং সবুজ-মেরুন। বাইরে-ভিতরের দেওয়ালে মোহনবাগান ক্লাবের প্রতীক পালতোলা নৌকা আঁকা। স্থানীয় মোহনবাগান সমর্থকদের নজর কেড়ে নিচ্ছে এই রেস্তোরাঁ। হাওড়ায় মোহনবাগান সমর্থকের সংখ্যা বেশি। তবে ইস্টবেঙ্গল (East Bengal FC) সমর্থকরাও আছেন। তাঁদেরও নজর এড়াচ্ছে না মোহনবাগান সমর্থকের মালিকানাধীন এই রেস্তোরাঁ। রবিবার আইএসএল-এ (Indian Super League 2026-27) কলকাতা ডার্বি (Kolkata Derby)। তার আগে এই রেস্তোরাঁয় খাওয়ার পাশাপাশি ফুটবল নিয়ে আড্ডাও জমে উঠেছে।
‘সবুজ-মেরুন’ রেস্তোরাঁর কর্ণধার অভিজিৎ চৌধুরী জানালেন, 'আমি আর আমার ছেলে অরিজিৎ চৌধুরী মোহনবাগানের অন্ধ সমর্থক। আমি ১৯৯৪ সাল থেকে মাঠে গিয়ে খেলা দেখছি। আমাদের জীবনের সঙ্গে মোহনবাগান জড়িয়ে আছে। আমরা ইলিশ মাছ খাই না, বোঁদে খাই না। আমার ক্যাটারিংয়ের ব্যবসা। লোকজনকে খাওয়ানোই আমার পেশা। এই কারণে ভাবলাম, যদি মোহনবাগান নাম জড়িয়ে রেস্তোরাঁ করতে পারি, তাহলে আমার পেশার সঙ্গেও প্রিয় ক্লাব জড়িয়ে থাকবে। সেই ভাবনা থেকেই এই রেস্তোরাঁ চালু করেছি।' কেমন সাড়া পাচ্ছেন? অভিজিৎবাবু জানালেন, 'মোহনবাগান সমর্থকদের কাছ থেকে তো খুব ভালো সাড়া পাচ্ছিই, এমনকী, ইস্টবেঙ্গল সমর্থকরাও বলছে, আমাদের মাথাতেও যদি এরকম ভাবনা আসত, তাহলে ভালো হত।'
এই রেস্তোরাঁর বিশেষ পদ হল চিংড়ির চপ। মোহনবাগান সমর্থকদের কথা মাথায় রেখেই এই পদ রাখা হয়েছে। অভিজিৎবাবু আত্মবিশ্বাসী, তাঁদের প্রিয় দল রবিবার কলকাতা ডার্বিতে অনায়াসে জয় পাবে। তারপর তাঁরা সবাই মিলে চিংড়ির চপ খাবেন। তাঁর প্রিয় ফুটবলার হোসে র্যামিরেজ ব্যারেটো। তবে এখন যাঁরা সবুজ-মেরুন জার্সি পরে খেলছেন, তাঁদের প্রতিও ভরসা আছে। এবার কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League 2026), আইএফএ শিল্ড (IFA Shield 2026) জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবার আইএসএল-ও জিতবে বলে আশাবাদী অভিজিৎবাবু।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।