Mohun Bagan vs Odisha FC: চলতি আইএসএল-এর অন্যতম হাইভোল্টেজ ম্যাচে বৃহস্পতিবার সন্ধ্যায়, কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় মোহনবাগান বনাম ওড়িশা এফসি (Mohun Bagan vs Odisha FC)। আর সেই ম্যাচে রীতিমতো ওপেন ফুটবল খেলল দুই দল। কার্যত, হাড্ডাহাড্ডি লড়াইতে ওড়িশাকে ৩-২ গোলে হারাল মোহনবাগান। এদিন ম্যাচের শুরু থেকেই ঝড় তোলে সবুজ মেরুন ব্রিগেড। খেলা শুরুর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সুযোগ নষ্ট করেন দ্রাজিচ। তবে গোটা ম্যাচে সার্বিয়ান এই মোহনবাগান ফরোয়ার্ড দাপুটে ফুটবল উপহার দিলেন। ফলে, চাপ বজায় রাখে মোহনবাগান। তবে খেলার ৮ মিনিটে, বাজে ফাউল করার অপরাধে হলুদ কার্ড দেখেন সবুজ মেরুন ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ (Mohun Bagan vs Odisha FC live)।
অন্যদিকে, ম্যাচের ১১ মিনিটে, মনবীরের মাইনাস থেকে সামীর জেলকোভিচের শট একটুর জন্য বাইরে চলে যায়। ঠিক তারপরেই ১৭ মিনিটের মাথায়, লিস্টন কোলাসোর শট সেভ করেন ওড়িশা এফসির গোলকিপার হৃত্বিক তিওয়ারি। তরুণ হৃত্বিক এই গোটা ম্যাচে যথেষ্ট সপ্রতিভ ছিলেন। খেলার ২১ মিনিটে, দ্রাজিচের থ্রু বল দুর্দান্ত রিসিভ করেন লিস্টন এবং তারপর পাস বাড়ান মনবীরের দিকে। তবে গোল করতে ব্যর্থ হন মনবীর। এরপর আরও একটি সুযোগ নষ্ট করে মোহনবাগান। কার্যত, একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে সবুজ মেরুন শিবির। যদিও কিছু পাল্টা অ্যাটাক তুলে আনে ওড়িশাও। ম্যাচের ৩৭ মিনিটে, মোহন স্ট্রাইকার আরউইনের শট বাইরে চলে যায়। এরপর আবার খেলার ৪০ মিনিটে, জোরালো গতিতে আক্রমণ তুলে আনেন ডেজান দ্রাজিচ। কিন্তু এক্ষেত্রেও গোল আসেনি।
এমনকি, খেলার ৪২ মিনিটে, গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন মনবীর সিং। পর মুহূর্তেই লিস্টনের শট বারপোস্টে লাগে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় মোহনবাগান। অনিরুদ্ধ থাপার পাস থেকে বুদ্ধিদীপ্ত গোল করে যান ডেজান দ্রাজিচ। কিন্তু খেলা থেকে হারিয়ে যায়নি ওড়িশা এফসি। খেলার ৫২ মিনিটে, নিহালের পাস থেকে গোল করে সমতা ফেরান মাহমুদ। ম্যাচের ফলাফল তখন ১-১। অপরদিকে, হৃতিক তিওয়ারি একটি ভালো সেভ না করলে মোহনবাগান এগিয়ে যেতে পারত কিছুক্ষণের মধ্যেই। এদিকে লি আরউইনের ফ্রি-কিক থেকে নেওয়া শট আবার একটুর জন্য বাইরে চলে যায়। তারপর একটি পরির্বতন হয় মোহনবাগানের প্রথম একাদশে।
লিস্টনের বদলে আসেন ছাংতে। আর নেমেই কাজের কাজটি করলেন তিনি। ডানপ্রান্ত দিয়ে তাঁর মাইনাস থেকেই গোল করলেন সেই দ্রাজিচ। অর্থাৎ এই ম্যাচে জোড়া গোল হয়ে গেল তারকা ফুটবলারের। সেই সুবাদেই খেলায় লিড নেয় বাগান শিবির। কিন্তু সেই সুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি। সেই গোলও শোধ করে দেন ওড়িশার বিদেশি ফরোয়ার্ড এভার্টন। তবে হাল ছাড়েনি পানোসের ছেলেরা। গোটা ম্যাচে ওপেন ফুটবল খেলল তারা। আর সেই সুবাদেই আবার গোল। শুভাশিসের পাস থেকে অসাধারণ গোল করে যান লি আরউইন। এবার লিড মোহনবাগানের। গোটা যুবভারতী তখন উচ্ছ্বসিত। বাজিমাৎ করল সবুজ মেরুন। হাড্ডাহাড্ডি ফুটবল খেলল দুই দলই। তবে শেষপর্যন্ত, ওড়িশাকে ৩-২ গোলে হারিয়ে ম্যাচ জিতল মোহনবাগান। কিন্তু একাধিক গোলের সুযোগ নষ্ট কিছুটা চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে। আপাতত ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বাগান ব্রিগেড।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।