Asian Champions Trophy 2026 Final: এবারের এশিয়ান গেমসে (Asian Games 2026) পুরুষদের হকিতে সোনা জেতার পর ধারাবাহিকতা বজায় রেখে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেতাব জিতল ভারতীয় দল। পুরুষদের হকিতে ভারতের এই ধারাবাহিকতা দেখে সারা দেশের ক্রীড়ামহলে খুশির জোয়ার। ২০২৮ সালের অলিম্পিক্সের (LA 2028 Olympics) আগে এই সাফল্য উৎসাহজনক।
India vs Japan Hockey: জাপানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি (Asian Champions Trophy 2026) জিতল ভারতের পুরুষ হকি দল। বৃহস্পতিবার মোহালিতে (Mohali) দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে জয় পেল ভারতীয় দল। ম্যাচের শুরুটা ভালো করতে না পারলেও, শেষপর্যন্ত হাসিমুখেই মাঠ ছাড়লেন হরমনপ্রীত সিংরা (Harmanpreet Singh)। এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই জাপানকে এগিয়ে দেন মাৎসুমোতো (Matsumoto)। প্রথমার্ধের শেষে এগিয়েছিল জাপান। ৪২ মিনিটে ভারতকে সমতায় ফেরান শিলানন্দ লাকড়া (Shilanand Lakra)। তিনি অধিনায়ক হরমনপ্রীতের কাছ থেকে বল পেয়ে গোল করেন। এরপরেই ম্যাচের রং বদলে যায়। ম্যাচে সমতা ফেরার পর আর ভারতীয় দলের আক্রমণ সামাল দিতে পারেনি জাপান।
ম্যাচের শেষদিকে চমক ভারতের
জাপানের বিরুদ্ধে এই ম্যচের চতুর্থ কোয়ার্টারে ভারতের অসাধারণ পারফরম্যান্স দেখা গেল। ৪৯ মিনিটে জাপানের রক্ষণকে টপকে গোল করে ভারতকে এগিয়ে দেন দিলপ্রীত সিং (Dilpreet Singh)। ৫২ মিনিটে ব্যবধান বাড়ান যুগরাজ সিং (Jugraj Singh)। এরপর ৫৪ মিনিটে অসামান্য ভলিতে ভারতের হয়ে চতুর্থ গোল করেন বিবেক সাগর প্রসাদ (Vivek Sagar Prasad)। এরপর আর জাপানের পক্ষে কিছু করার ছিল না। অসাধারণ প্রত্যাবর্তনে দেশের মাটিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারতীয় দল।






