India-USA Relation: বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল ২০২৬-সহ (Foreign Contribution Regulation Act) বিভিন্ন বিষয় নিয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে জটিলতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সের (US Vice President JD Vance) সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)।

DID YOU
KNOW
?
ভারত-মার্কিন সম্পর্ক
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে জটিলতা তৈরি হয়েছে।

Prime Minister Narendra Modi-US Vice President JD Vance: ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে জটিলতার জল্পনার মধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনালাপে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের বোঝাপড়া আরও শক্তিশালী ও গভীর করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী, ‘সেকেন্ড লেডি’ ঊষা ভান্সের পুত্রসন্তানের জন্মের জন্য তাঁদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। নবজাতক ও পরিবারের অন্যান্য সদস্যদেরও শুভেচ্ছা জানান তিনি। তবে দুই নেতার মধ্যে আলোচনার বিস্তারিত বিষয়বস্তু এখনও জানা যায়নি।

বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল ২০২৬ নিয়ে জটিলতা

মোদী-ভান্সের কথা হওয়ার কয়েক দিন আগেই বিদেশি অনুদান গ্রহণকারী এনজিও, ট্রাস্ট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় সংগঠনগুলিকে নিয়ন্ত্রণকারী আইনে প্রস্তাবিত সংশোধনী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এক মার্কিন আইনপ্রণেতা। তাঁর দাবি, এই পরিবর্তন ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে। মঙ্গলবার মার্কিন কংগ্রেসের সদস্য রাইলি মুর অভিযোগ করেন, বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল ২০২৬-এ প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে ভারত সরকার গির্জা এবং ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠানগুলির নিয়ন্ত্রণ নিতে পারে। তিনি এই উদ্যোগকে 'খ্রিস্টানদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ' বলেও মন্তব্য করেন। এই বক্তব্যের পর বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক জানিয়ে দেয়, আইন প্রণয়ন সংক্রান্ত বিষয় ভারতের অভ্যন্তরীণ বিষয়। একই সঙ্গে বিদেশ মন্ত্রক উল্লেখ করে, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ একাধিক দেশেই বিদেশি অর্থায়ন নিয়ন্ত্রণের জন্য নিজস্ব আইন রয়েছে।

দীর্ঘদিন পর মোদী-ভান্সের কথা

মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর এর আগে শেষবার ফোনে হয়েছিল ২০২৫ সালের মে মাসে। সেই সময় পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ চলছিল। পরে লোকসভায় সেই ফোনালাপের কথা প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে তাঁর কাছে চারটি মিসড কল এসেছিল। পরে তিনি ভান্সকে ফোন করেন। সেই সময় ভান্স তাঁকে সতর্ক করেছিলেন যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। জবাবে তিনি বলেছিলেন, আমাদের জবাব হবে আরও শক্তিশালী।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।