
Campeonato Brasileiro Série A: রবিবার ব্রাজিলিয়ান সিরি আ-র ম্যাচে নেইমারের (Neymar) জোড়া গোলে চাপেকোয়েন্সের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে পরাজয় এড়াতে সক্ষম হল স্যান্টোস (Santos vs Chapecoense)। বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) থেকে ব্রাজিলের (Brazil) বিদায়ের পর নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে নেইমার ৩৬ মিনিটের মাথায় প্রথম গোল করে স্যান্টোসকে এগিয়ে দেন। আলভারো বাররিয়ালের (Alvaro Barreal) সঙ্গে দ্রুত ওয়ান-টু পাস খেলে পেনাল্টি বক্সের মধ্যে থেকে প্রথম টাচেই বল জালে জড়িয়ে দেন নেইমার। দ্বিতীয়ার্ধে ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় চাপেকোয়েন্সে। প্রথমে মারসিনিয়ো গোল করে সমতা ফেরান। এরপর জোয়াও আনানিয়াস গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। তবে শেষমুহূর্তে হার এড়াতে সক্ষম হয় স্যান্টোস। ৮৯ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে নিজের বিখ্যাত স্টাটার-স্টেপ কৌশলে গোল করে ম্যাচে সমতা ফেরান নেইমার।
দিনের প্রথম গোল করার পর নেইমার তাস বিলি করার ভঙ্গিতে আনন্দ উদ্যাপন করেন। এই ভঙ্গির মাধ্যমে তিনি সমালোচকদের জবাব দেন। স্যান্টোসের গত ম্যাচে না খেলে এক পোকার টুর্নামেন্টে যোগ দেওয়ায় সমালোচনার মুখে পড়েন নেইমার। এই কারণেই তিনি তাস বিলির ভঙ্গি করলেন।
এদিকে, স্যান্টোসে নেইমারের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (MLS)-এ কেরিয়ার চালিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করছেন। এফসি সিনসিনাটির সঙ্গে তাঁর আলোচনা হয়েছিল বলেও জানা গিয়েছে। তবে শেষপর্যন্ত সেই আলোচনা সফল হয়নি। বিশ্বকাপে চোট কাটিয়ে প্রায় তিন বছর পর আবার ব্রাজিল জাতীয় দলে ফিরেছিলেন নেইমার। তবে পুরো টুর্নামেন্টে তিনি মাত্র দুই ম্যাচে মোট ৩৭ মিনিট মাঠে নামার সুযোগ পান। বিশ্বকাপে তাঁর একমাত্র গোল ছিল পেনাল্টি থেকে। কিন্তু সেটিও ব্রাজিলকে শেষ ষোলোতে নরওয়ের (Norway) কাছে ২-১ ব্যবধানে হারের হাত থেকে বাঁচাতে পারেনি। ফলে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।