
R Praggnanandhaa Wins Norway Chess 2026: প্রথম ভারতীয় দাবাড়ু হিসেবে নরওয়ে চেস চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন আর প্রজ্ঞানানন্দ। দশম তথা শেষ রাউন্ডে জার্মানির (Germany) গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কেমারের (Vincent Keymer) বিরুদ্ধে জয় পেয়ে চ্যাম্পিয়ন হলেন প্রজ্ঞানানন্দ। ২০ বছর বয়সি এই গ্র্যান্ডমাস্টার এবারের নরওয়ে চেসে বিশ্বসেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের (Magnus Carlsen) বিরুদ্ধে দু'বার জয় পেয়েছেন। বর্তমানে বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ডি গুকেশের (D Gukesh) বিরুদ্ধে প্রথম লড়াইয়ে হেরে গেলেও, তারপর ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় লড়াইয়ে জয় ছিনিয়ে নেন প্রজ্ঞানানন্দ। তিনি আলিরেজা ফিরোজিয়া (Alireza Firouzja), ওয়েসলি সো-র (Wesley So) বিরুদ্ধেও জয় পান। নবম রাউন্ডের শেষে ১৫.৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন ওয়েসলি সো। শেষ রাউন্ডে জয় পেয়ে তাঁকে টেক্কা দিলেন প্রজ্ঞানানন্দ। তিনি ১৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলেন। ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেন ওয়েসলি সো। ষষ্ঠ স্থানে থাকলেন গুকেশ।
এবারের নরওয়ে চেসের শুরুতে মনে হচ্ছিল খেতাবের দৌড়ে নেই প্রজ্ঞানানন্দ। কিন্তু তিনি প্রাথমিক ব্যর্থতা কাটিয়ে অসামান্য প্রত্যাবর্তন ঘটিয়ে খেতাব জিতলেন। বিশ্বের সেরা দাবাড়ুরা এই টুর্নামেন্টে যোগ দিয়েছিলেন। অসাধারণ লড়াই হয়েছে। সবাইকে পিছনে ফেলে দিলেন প্রজ্ঞানানন্দ। তাঁর এই জয় কেরিয়ারের অন্যতম সেরা। এই খেতাব ভবিষ্যতে আরও সাফল্য পেতে অনুপ্রাণিত করবে। এই তরুণ ভারতীয় ক্রীড়ামহলকে গর্বিত করে তুললেন।
নরওয়ে চেস চ্যাম্পিয়ন হওয়ার পর প্রজ্ঞানানন্দ বলেছেন, ‘আমার মনে হয়, এটাই আমার কেরিয়ারের সবচেয়ে বড় জয়। গড় রেটিংয়ের বিচারে এই টুর্নামেন্টেই লড়াই সবচেয়ে কঠিন ছিল। উইক অ্যান জি-র (Wijk Aan Zee) মতো টুর্নামেন্টে ২৬০০ এলো রেটিং থাকা খেলোয়াড়রা ছিল। কিন্তু এখানে শুধু সেরা দাবাড়ুরাই ছিল। ম্যাগনাস এখানে ছিল। আমি পরপর চার ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হলাম। এই কারণে এই জয় বিশেষ। আমি এই জয়কে সব সাফল্যের চেয়ে এগিয়ে রাখব।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।