
FIFA World Cup 2026 Updates: স্পেনের কাছে হেরে (Spain vs Portugal) চলতি বিশ্বকাপ ফুটবল থেকে দল বিদায় নেওয়ার পরেই পদত্যাগ করার কথা জানালেন পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ। তিনি অবশ্য দলের ব্যর্থতার দায় নিয়ে সরে যাচ্ছেন না। পর্তুগাল যে এবারের বিশ্বকাপ ফুটবলে ব্যর্থ হয়েছে, সে কথাই মানতে নারাজ মার্টিনেজ। এই স্প্যানিশ (Spanish) কোচ ২০২৩ সালে পর্তুগালের দায়িত্ব নেন। এবারের বিশ্বকাপ ফুটবলের পরেই তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। পর্তুগালের ফুটবল সংস্থা চুক্তির মেয়াদ বাড়াবে কি না, সে বিষয়ে কোনও ঘোষণা করার আগেই সরে যাওয়ার কথা জানিয়ে দিলেন প্রধান কোচ। তিনি এবার অন্য কোনও দলের দায়িত্ব নেবেন।
এবারের বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার-ফাইনালে পৌঁছতে না পারলেও, পর্তুগাল ব্যর্থ হয়েছে বলে মানতে নারাজ মার্টিনেজ। তিনি বলেছেন, ‘এটাই জাতীয় দলের হয়ে আমার শেষ ম্যাচ ছিল। আমি গর্বিত। আমি ৪৫ ম্যাচে প্রধান কোচ হিসেবে ছিলাম। আমাকে পর্তুগালে স্বাগত জানানো হয়েছে। আমি ভালোবাসা পেয়েছি। এই স্মৃতি চিরকাল আমার সঙ্গে থাকবে। আমি আনন্দ পেয়েছি। পর্তুগালের প্রধান কোচ হিসেবে থাকা আমার কাছে গর্বের বিষয়। আমি দায়িত্ব পালন করেছি। এই দল ছেড়ে যাওয়া আমার পক্ষে কঠিন। তবে এক অধ্যায় শেষ হল। আমরা ব্যর্থ হইনি। আমরা এক ম্যাচে হেরে গিয়েছি। আমরা এমন এক দলের কাছে হেরেছি, যারা অন্যতম ফেভারিট। আমরা অবিশ্বাস্য প্রতিভা দেখিয়েছি। আপনি যখন জেতার চেষ্টা করেন না, তখনই হেরে যান। আমরা শেষ মিনিট পর্যন্ত জেতার চেষ্টা করে গিয়েছি।’
স্পেনের বিরুদ্ধে এই ম্যাচে পর্তুগাল গোল না পাওয়ার পরেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) পুরো ৯০ মিনিট মাঠে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। মার্টিনেজ এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘আপনার দল যখন গোল পাচ্ছে না, তখন আপনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তুলে নিতে পারেন না। ও ৯০ মিনিট খেলতে পারে। কোনও সমস্যা নেই।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।