
Ronald Koeman Resigned: মরক্কোর (Netherlands vs Morocco) কাছে টাইব্রেকারে হেরে চলতি বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ৩২ থেকে ছিটকে যাওয়ার পরেই পদত্যাগ করলেন নেদারল্যান্ডসের প্রধান কোচ রোনাল্ড কোম্যান। তিনি দ্বিতীয়বার জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পর এবার সরে গেলেন। ৬৩ বছর বয়সি এই কোচ সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক পোস্টের মাধ্যমে পদত্যাগ করার কথা জানিয়েছেন। এখনও পর্যন্ত ১২ বার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলেছে ডাচরা। তারা প্রথমবার রাউন্ড অফ ১৬-এর আগেই বিদায় নিল। মরক্কোর বিরুদ্ধে ম্যাচের ৭২ মিনিটে কডি গাকপোর (Cody Gakpo) গোলে এগিয়ে যাওয়ার পর সংযুক্ত সময়ের শুরুতেই গোল হজম করে নেদারল্যান্ডস। ফলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। অতিরিক্ত সময়ে গোল হয়নি। এরপর টাইব্রেকারে হেরে যায় ডাচরা। হাতের মুঠোয় থাকা ম্যাচ এভাবে ভেস্তে যাওয়ায় হতাশ ডাচ শিবির।
চলতি বিশ্বকাপ ফুটবল থেকে নেদারল্যান্ডস ছিটকে যাওয়ার পর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কোম্যান লিখেছেন, ‘গত রাতে আমি সিদ্ধান্ত নিয়েছি, ডাচ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আমার মেয়াদ শেষ করব। আমরা সবাই এমন এক বিশ্বকাপের স্বপ্ন দেখেছিলাম যেখানে আমরা ইতিহাস গড়ব। কিন্তু সেটা করতে পারিনি। আমার চেয়ে বেশি হতাশ কেউ হয়নি। প্রধান কোচ হিসেবে আমি সেই দায়িত্ব নিচ্ছি।’
২০১৮ সালে প্রথমবার নেদারল্যান্ডসের জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান কোম্যান। তিনি ২০২০ সালে এই দায়িত্ব হারান। ২০২৩ সালে ফের ডাচ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান কোম্যান। তাঁর কোচিংয়ে ফিফা র্যাঙ্কিংয়ে আট নম্বরে থেকে এবারের বিশ্বকাপ ফুটবলে খেলতে যায় নেদারল্যান্ডস। তারা গ্রুপ এফ-এর শীর্ষে থেকে রাউন্ড অফ ৩২-এ পৌঁছে যায়। কিন্তু ডাচদের পক্ষে আর এগিয়ে যাওয়া সম্ভব হল না। কোম্যান সরে যাওয়ার পর এবার নতুন কেউ ম্যানেজার হবেন। তবে এ বিষয়ে এখনই কোনও ঘোষণা হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।