FIFA World Cup 2026 Round of 32: চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে গিয়েছে। শুরু হয়েছে নক-আউট পর্ব। এখন রাউন্ড অফ ৩২-এর খেলা চলছে। ইতিমধ্যেই একাধিক ম্যাচ হয়ে গিয়েছে। চারবারের বিশ্বকাপজয়ী জার্মানি (Germany) ছিটকে গিয়েছে। তথাকথিত বড় ও ছোট দলগুলির মধ্যে ব্যবধান কমে আসছে। অনেক দলই উল্লেখযোগ্য উন্নতি করে ফেলেছে।

DID YOU
KNOW
?
জার্মানি, ডাচদের বিদায়
চলতি বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ ৩২-এ টাইব্রেকারে হেরে বিদায় নিল জার্মানি ও নেদারল্যান্ডস।

Netherlands vs Morocco: টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে চলতি বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) রাউন্ড অফ ১৬-এ পৌঁছে গেল মরক্কো। এদিন শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল দেখা যাচ্ছিল। দুই দলই আক্রমণ করছিল। মরক্কোর অধিনায়ক আশরফ হাকিমির (Achraf Hakimi) ওভারল্যাপ বিপজ্জনক হয়ে উঠছিল। পাল্টা ডাচদের আক্রমণও দেখা যাচ্ছিল। তবে আক্রমণ-প্রতি আক্রমণে খেলা জমে উঠলেও, প্রথমার্ধে গোল হয়নি। গোলের জন্য দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। ৭২ মিনিটে অসাধারণ গোল করেন কডি গাকপো (Cody Gakpo)। তাঁর গোলের পর মনে হচ্ছিল ডাচদের জয় নিশ্চিত। কিন্তু দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ের প্রথম মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। লেফট উইং থেকে বক্সে বিপজ্জনক ক্রস ভাসান চেমসদিন তাইবি (Chemsdine Talbi)। অসাধারণ হেডে জালে বল জড়িয়ে দেন ইসা দিয়োপ (Issa Diop)। এরপর নির্ধারিত সময়ের খেলায় আর গোল হয়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে গোল হয়নি। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধেও গোল হয়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বাজিমাত করে মরক্কো। টাইব্রেকারের ফল ৩-২।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

টাইব্রেকারে নায়ক বোনো

টাইব্রেকারে মরক্কোর নায়ক হয়ে উঠলেন গোলকিপার ইয়াসিন বোনো (Yassine Bounou)। টাইব্রেকারের শুরুতে অবশ্য এগিয়েছিল নেদারল্যান্ডস। প্রথম শটে গোল করেন তিউন কুপমেইনার্স (Teun Koopmeiners)। মরক্কোর হয়ে প্রথম শট বারে মারেন নিল এল আয়নাউই (Neil El Aynaoui)। ডাচদের হয়ে দ্বিতীয় শট পোস্টে মারেন রুবেন ক্লাইভার্ট (Ruben Kluivert)। মরক্কোর হয়ে দ্বিতীয় শটে গোল করেন সুফিয়ান রাহিমি (Soufiane Rahimi)। তাঁর শট বাঁচিয়ে দিয়েছিলেন ডাচ গোলকিপার বার্ত ভার্বরাগেন (Bart Verbruggen)। কিন্তু তাঁর গোড়ালিতে লেগে বল জালে জড়িয়ে যায়। এরপর নেদারল্যান্ডসের হয়ে গোল করেন উট উইঘর্স্ট (Wout Weghorst)। মরক্কোর হয়ে গোল করেন তাইবি। এরপর ডাচদের হয়ে গোল করতে ব্যর্থ হন জুরিয়েন টিম্বার (Jurriën Timber)। মরক্কোর হয়ে গোল করতে ব্যর্থ হন হাকিমি। তাঁর শট পোস্টে লাগে। এরপর ক্রিসেনসিও সামারভিলের (Crysencio Summerville) শট সেভ করে দেন বোনো। এরপর গোল করেন ইসমাইল সাইবারি (Ismael Saibari)। তাঁর গোলেই জয় পায় মরক্কো।

গাকপোর শোক বাড়ল

নেদারল্যান্ডসের তারকা গাকপোর সন্তানের জন্মের আগেই মৃত্যু হয়েছে। তিনি সেই শোক নিয়েই দলের সঙ্গে রয়ে গিয়েছেন। দলকে বিশ্বকাপ ফুটবলে ভালো জায়গায় নিয়ে যাওয়াই গাকপোর লক্ষ্য ছিল। তিনি এদিন গোল করার পর মৃত সন্তানের কথা ভেবে আবেগপ্রবণ হয়ে পড়েন। তাঁর দুই চোখে জলের ধারা দেখা যায়। মাঠে মাথা নিচু করে বসে পড়েন তিনি। সতীর্থরা সবাই গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন। কিছুক্ষণ পর উঠে জলে ভরা চোখেই আকাশের দিকে মাথা তুলে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন গাকপো। কিন্তু তাঁর গোলের পরেও দল হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল। ফলে তাঁর শোকের মাত্রা বেড়ে গেল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।