
Ronaldinho Gaúcho: বয়স ৪৬ বছর পেরিয়ে গিয়েছে। আগামী বছরের মার্চে ৪৭ বছর পূরণ করবেন। এই বয়সে ফের পেশাদার ফুটবলে ব্রাজিলের (Brazil) কিংবদন্তি রোনাল্ডিনহো। তিনি পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার ১১ বছর পর ফের কোনও ক্লাবে সই করলেন। ৪৬ বছর বয়সে ইতালির (Italy) তৃতীয় ডিভিশনের ক্লাব রাভেন্না এফসি-র (Ravenna FC) হয়ে মাঠে নামার জন্য তৈরি হচ্ছেন এই কিংবদন্তি। রবিবার সিরি সি-তে (Italian Serie C) ফরলির (Forli) বিরুদ্ধে ডার্বি ম্যাচের মাধ্যমে পেশাদার ফুটবলে ফিরছেন রোনাল্ডিনহো। চলতি মরসুমের শুরুতে রাভেন্নার সঙ্গে যুক্ত হন এই কিংবদন্তি। তখন থেকেই তাঁর মাঠে ফেরা নিয়ে জল্পনা চলছিল। গত মাসে ফরলির বিরুদ্ধে রাভেন্না এফসি-র ডার্বির তারিখ ঘোষণা করা হয়। এবার সেই দিন আসতে চলেছে।
রাভেন্নার সঙ্গে রোনাল্ডিনহোর সম্পর্ক শুধুমাত্র ফুটবলার হিসেবে নয়। তিনি একই সঙ্গে ক্লাবের খেলোয়াড় এবং শেয়ারহোল্ডার। জুনে ইতালির এই ক্লাবে যোগ দেওয়ার পর দলের মালিক তথা তাঁর বন্ধু ইগনাজিও সিপ্রিয়ানির কাছ থেকে ক্লাবের মালিকানার অংশীদারিত্বও অর্জন করেন তিনি। ফলে তাঁর প্রত্যাবর্তন ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। ২০১৫ সালের সেপ্টেম্বরে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে শেষবার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন রোনাল্ডিনহো। যদিও ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করেন তিনি। দীর্ঘ বিরতির পর ফের মাঠে নামার পাশাপাশি তাঁর সামনে রয়েছে আরও একটি বিশেষ লক্ষ্য। পেশাদার ফুটবল কেরিয়ারে এখনও পর্যন্ত ২৯৯ গোল করেছেন এই তারকা। এবার রাভেন্নার হয়ে একটি গোল করতে পারলেই পূর্ণ হবে তাঁর কেরিয়ারের ৩০০ গোলের মাইলফলক। রবিবার রাভেন্নার ঘরের মাঠ স্তাদিও ব্রুনো বেনেল্লিতে ফরলির বিরুদ্ধে সেই বহু প্রতীক্ষিত ডার্বি অনুষ্ঠিত হবে। রোনাল্ডিনহো এই ম্যাচেই ক্লাবের জার্সিতে মাঠে নামবেন বলে নিশ্চিত করেছে রাভেন্না। ক্লাবের মতে, এই বিশেষ মুহূর্তে সারা বিশ্বের নজর থাকবে তাদের স্টেডিয়ামের দিকে।
ফুটবলে ফেরার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনাল্ডিনহো। ইতালির ক্লাবে যোগ দেওয়ার পর তিনি জানিয়েছিলেন, ফের বল পায়ে মাঠে নামার জন্য আর অপেক্ষা করতে পারছেন না। রাভেন্নার সঙ্গে নতুন একটি গল্প লিখতে চান তিনি। তাঁর কাছে ফুটবল বরাবরই আনন্দের বিষয়। সেই আনন্দ এবং ভালোবাসাই নতুন ক্লাবে ছড়িয়ে দিতে চান ব্রাজিলের প্রাক্তন বিশ্বকাপজয়ী তারকা। রাভেন্নার সঙ্গে রোনাল্ডিনহোর এই যোগসূত্র ক্লাবের জনপ্রিয়তা বাড়ানোর বৃহত্তর পরিকল্পনারও অংশ। একজন খেলোয়াড়ের পাশাপাশি শেয়ারহোল্ডার হিসেবে তাঁর উপস্থিতি আন্তর্জাতিক স্তরে ক্লাবের পরিচিতি বাড়াবে বলে মনে করছে কর্তৃপক্ষ। সমর্থকদের সঙ্গেও ক্লাবের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা। রাভেন্নার সমর্থকদের প্রত্যাশা, বল পায়ে পুরনো সেই জাদু আরও একবার দেখাবেন রোনাল্ডিনহো। আর সেই সঙ্গে পূর্ণ করবেন কেরিয়ারের বহু প্রতীক্ষিত ৩০০-তম গোলের মাইলফলক।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।