Spain vs France Semifinal: বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতীয় সময় মঙ্গলবার রাতে, ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হতে চলছে স্পেন বনাম ফ্রান্স (Spain vs France World Cup 2026)। কার্যত, যুযুধান দুই প্রতিপক্ষ। নিঃসন্দেহে একটি হাইভোল্টেজ একটি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। প্রসঙ্গত, দুই দলই যথেষ্ট লড়াই করে সেমিফাইনালে পৌঁছেছে। একাধিকবার কঠিন পরীক্ষার সামনে পড়েও জয় ছিনিয়ে এনেছে তারা। বিশেষ করে, ফ্রান্সের হয়ে কিলিয়ান এমবাপে এবং ডেম্বেলে যেইরকম ফর্মে রয়েছেন, তা অবশ্যই প্রশংসনীয়। পাশাপাশি স্পেনের জার্সিতে আছেন লামিনে ইয়ামালের মতো তারকা। ফলে, যে কোনও সময়ে ম্যাচের রঙ বদলে যেতে পারে (Spain vs France live score)।
এখনও পর্যন্ত, চলতি বিশ্বকাপে মোট ৬টি ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে স্পেন এবং একটি ড্র করেছে। সবথেকে বড় বিষয় হল, বিপক্ষ দলের বিরুদ্ধে স্পেন ১১টি গোল করেছে এবং একটিমাত্র গোল খেয়েছে তারা। ফলে, তাদের ডিফেন্স এবং মাঝমাঠের দখল নিয়ে আক্রমণ তৈরির ক্ষেত্রে একটি বড় অ্যাডভান্টেজ রয়েছে। অন্যদিকে, ৫টি ক্লিনশিট রেখেছে স্প্যানিশ ব্রিগেড। আরেকটা কথা বলতেই হয়, একের পর এক পাস খেলে তারা যেভাবে বিপজ্জনক আক্রমণ তৈরি করছে, তা সত্যিই অসাধারণ।
তাই স্পেনের হয়ে লামিনে ইয়ামাল ছাড়াও পেদ্রি, রদ্রি, মিকেল ওয়য়ারজাবাল, মার্ক কুকুরেলা, পাউ কুবার্সি, নিকো উইলিয়ামস, ফ্যাবিয়ান রুইজ এবং পেদ্রো পোরো বড় ভূমিকা নিতে পারেন এই ম্যাচে। আরেকজনের কথা বলতেই হবে। তিনি স্প্যানিশ গোলকিপার উনাই সিমোন। তাঁর বিশ্বস্ত দুই হাত একাধিকবার দলের পতন রোধ করেছে। এই ধরনের হাইভোল্টেজ ম্যাচে তিনিও হয়ে উঠতে পারেন তুরুপের তাস। অপরদিকে, চলতি বিশ্বকাপে মোট ৬টি ম্যাচ খেলে সবকটিতে জিতেছে ফ্রান্স। মোট ১৬টি গোল করেছে এবং খেয়েছে ২টি গোল। ক্লিনশিট আছে চারটি ম্যাচে। ফরাসি ব্রিগেডের হয়ে এমবাপে এবং ডেম্বেলে ছাড়াও ছাপ ফেলতে তৈরি মাইকেল ওলিস, উইলিয়াম সালিবা জুলস কৌন্ডে, অরেলিয়ান চৌমেনি, মাইক ম্যাগনান, ডৌ, বারকোলা এবং রায়ান চেরকি।
দুটি দলই গোটা টুর্নামেন্টে অসাধারণ ফুটবল উপহার দিয়েছে। প্রেসিং ফুটবল খেলা থেকে শুরু করে উইং দিয়ে আক্রমণ, দ্রুত ডিফেন্সকে সজাগ করা এবং মাঝমাঠের দখল নেওয়া এবং অবশ্যই গতি, সবক্ষেত্রেই লড়াই হবে সেয়ানে সেয়ানে। বলা চলে, জোরালো টক্কর। আরও একটা বিষয় হচ্ছে, পিছিয়ে পড়ে ফিরে আসা। অর্থাৎ, টিমগেম খেলে খেলায় ফেরত আসার ক্ষমতা দুটি দলেরই রয়েছে। তাই একটি দুর্দান্ত সেমিফাইনাল দেখার আশায় গোটা বিশ্ব।
ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।