
Khelo India Mission: ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের (2030 Commonwealth Games) দেশে খেলার উন্নতির উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ২০৩৬ সালে অলিম্পিক্স (Summer Olympics 2036) আয়োজনের দায়িত্ব পাওয়ার চেষ্টা করছে ভারত। তার আগে দেশে ক্রীড়া পরিকাঠামোর উন্নতি এবং তৃণমূল স্তর থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের তুলে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। রবিবার কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2026) সে কথা স্পষ্ট করে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman)। লোকসভায় (Lok Sabha) ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় তিনি ঘোষণা করেছেন, আগামী এক দশকের মধ্যে দেশে খেলার পরিবেশ সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য 'খেলো ইন্ডিয়া মিশন'-এর (Khelo India Mission) উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
অর্থমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে দেশে যে ‘খেলো ইন্ডিয়া’ মিশন চালু রয়েছে, তারই প্রসার ঘটানো হবে। শুধু প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করাই নয়, কোচিং, অনুশীলন, পরিকাঠামো ও ক্রীড়া বিজ্ঞানের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে কাঠামোগত ফাঁক রয়েছে, তা এবার পূরণ করা হবে। অর্থমন্ত্রীর কথায়, ‘ক্রীড়াক্ষেত্র কর্মসংস্থানের অনেক সুযোগ এনে দেয়। ক্রীড়াক্ষেত্র যেমন দক্ষতা বৃদ্ধির সুযোগ দেয়, তেমনই চাকরির সুযোগও দেয়। খেলো ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের লালন-পালন করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি খেলো ইন্ডিয়া মিশন চালু করার প্রস্তাব দিচ্ছি। এই মিশনের মাধ্যমে আগামী এক দশকের মধ্যে দেশে ক্রীড়াক্ষেত্রে বদল আনা হবে।’
বাজেট বক্তৃতায় ক্রীড়ামন্ত্রী আরও বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ কেন্দ্রগুলির উন্নতির ব্যবস্থা করা হচ্ছে। সব বয়সের খেলোয়াড়দেরই সাহায্য করা হবে। কোচ ও সাপোর্ট স্টাফদেরও উন্নতির উপর জোর দেওয়া হচ্ছে। অনুশীলনে প্রযুক্তিগত সাহায্য করা হবে। সারা দেশে ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও লিগের প্রচার ও প্রসার ঘটানো হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।