
T20 World Cup 2026: অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলঙ্কাকে হারিয়ে চলতি টি-২০ বিশ্বকাপে চমকে দিল জিম্বাবোয়ে। বুধবার কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে একেবারে অবিশ্বাস্য কায়দায় ১৮২ রান তাড়া করে ৬ উইকেটে জিতল সিকান্দার রাজার দল। গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠল জিম্বাবোয়ে (৪ ম্য়াচে ৭ পয়েন্ট)। গত টি-২০ বিশ্বকাপে যে জিম্বাবোয়ে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। সুপার এইটে ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একই গ্রুপে আছে জিম্বাবোয়ে। সুপার এইট পর্বের আগে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে হারিয়ে সিকান্দার রাজারা বুঝিয়ে দিলেন তারা ডার্ক হর্স। কদিন আগে অস্ট্রেলিয়াকে হারানোটা যে ফ্লুক ছিল না, সেটা এদিন প্রমাণ করল আফ্রিকার এই দেশ। এই গ্রুপ থেকে রানার্স হয়ে সুপার এইটে উঠল শ্রীলঙ্কা (৪ ম্যাচে ৬ পয়েন্ট)। সুপার এইটে শ্রীলঙ্কার গ্রুপে আছে- নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ও পাকিস্তান।
শ্রীলঙ্কা এদিন প্রথমে ব্য়াট করে তুলেছিল ৭ উইকেটে ১৮২ রান। জবাবে একেবারে হিসাব কষা ক্রিকেট খেলে ৪ উইকেট হারিয়ে ৩ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিল জিম্বাবোয়ে। ২৬ বলে ৪৫ রানের দুরন্ত ইনিংস খেলে অধিনায়ক সিকান্দার রাজা ম্য়াচ সেরার পুরস্কার পান। ৪৮ বলে ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ব্রায়ান বেনেট। রাজা-বেনেটের ৪০ বলে ৬৯ রানের পার্টনারশিপে ম্য়াচের রঙ বদলে যায়।
ওমান ও অস্ট্রেলিয়াকে হারানোর পর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সুপার এইটে ওঠে জিম্বাবোয়ে। এদিন কলম্বোয় গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের ম্য়াচে শ্রীলঙ্কাকে যে কায়দায় হারাল জিম্বাবোয়ে, তাতে সূর্যকুমার যাদবদের সাবধান থাকতে হবে। আগামী বৃহস্পতিবার সুপার এইটে চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। তার আগে আগামী রবিবার আমেদাবাদে সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত। অন্যদিকে, সুপার এইটে জিম্বাবোয়ের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সোমবার, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সুপার এইটে তাদের দ্বিতীয় ম্য়াচে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবোয়ে। আর এই পর্বে তাদের শেষ ম্য়াচে জিম্বাবোয়ের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (পয়লা মার্চ, কলকাতা), ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (পয়লা মার্চ, কলকাতা)