
Indian Wrestlers Win Silver Medal: ভারতীয় কুস্তির ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন কাজল ঢোচক (Kajal Dhochak) ও নীলম সিরোহি (Neelam Sirohi)। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে দু’জনেই রুপো জিতলেন। ভারতীয় কুস্তি ফেডারেশনের (Wrestling Federation Of India) প্রকাশিত বিবৃতি অনুযায়ী, বুধবার নিজেদের ফাইনাল ম্যাচে পরাজয়ের পর রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই ভারতীয় কুস্তিগীরকে।৭৬ কেজি বিভাগের ফাইনালে ইউক্রেনের আনাস্তাসিয়া আলপেয়েভার মুখোমুখি হয়েছিলেন ১৮ বছর বয়সি কাজল। অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে দু’বারের শিরোপাজয়ী কাজল এই প্রথম সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েই ফাইনালে পৌঁছেছিলেন। খেতাবের লড়াইয়ে শুরু থেকেই প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ জানান তিনি। তবে শেষপর্যন্ত ৬-৮ ব্যবধানে হারতে হয় তাঁকে। ফলে রুপো নিয়েই অভিযান শেষ করেন কাজল। অন্যদিকে, ৫০ কেজি বিভাগের ফাইনালে কঠিন প্রতিপক্ষের সামনে পড়েন ২৬ বছরের নীলম। তাঁর প্রতিপক্ষ ছিলেন জাপানের চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইউই সুসাকি। ম্যাচে ০-৫ ব্যবধানে পিছিয়ে থাকার পর পিনফলে পরাজিত হন নীলম। ফলে সোনার পদক হাতছাড়া হলেও রুপো জিতেই ইতিহাস গড়েন তিনি।
একই বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুই ভারতীয় মহিলা কুস্তিগীরের পদক জেতা বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশ্ব চ্যাম্পিয়নশিপের একই সংস্করণে এই প্রথম দুই ভারতীয় মহিলা কুস্তিগীর ফাইনালে পৌঁছলেন। এর আগে ২০২১ সালে অংশু মালিক প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছিলেন। ফাইনালে ওঠার পথেও অসাধারণ লড়াইয়ের পরিচয় দিয়েছিলেন কাজল। সেমি-ফাইনালে কিরগিজস্তানের আইপেরি মেডেট কিজির বিরুদ্ধে এক সময় ১-৭ ব্যবধানে পিছিয়ে ছিলেন তিনি। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ১০-৭ ব্যবধানে জয় ছিনিয়ে নেন ১৮ বছরের এই কুস্তিগির। নীলমও এই প্রতিযোগিতায় ধারাবাহিকতা বজায় রাখেন। কাজাখস্তানের জেইনেপ বায়ানোভাকে ৭-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন তিনি। যদিও শেষ লড়াইয়ে জাপানের অভিজ্ঞ প্রতিপক্ষকে টপকাতে পারেননি নীলম।
এদিকে, কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৬৫ কেজি বিভাগে রেপেশাজ রাউন্ডে রজনীতার অভিযান শেষ হয়েছে। জাপানের নানা ইকেহাতার কাছে ২-৬ ব্যবধানে হেরে যান তিনি। ফলে ব্রোঞ্জ পদকের ম্যাচে ওঠার সুযোগ হাতছাড়া হয় তাঁর। বৃহস্পতিবার মহিলাদের কুস্তির শেষ দিনের লড়াই অনুষ্ঠিত হবে। ৫৫ কেজি ও ৫৯ কেজি, এই দুই বিভাগের প্রতিযোগিতা এখনও বাকি। ফলে কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের পদক সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।