Asian Games 2026 Medal Tally: এবারই এশিয়ান গেমসের ইতিহাসে সেরা ফল করল ভারত। শনিবার দিনের শেষে ভারতের সংগ্রহ ২১ সোনা, ২৭ রুপো ও ৩৭ ব্রোঞ্জ। ভারতের মোট পদক ৮৫। এবারের এশিয়ান গেমসে পদক তালিকায় চতুর্থ স্থানে থাকল ভারত। অতীতে কোনও এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা এত পদক পাননি। এই সাফল্যে সারা দেশের ক্রীড়ামহলে আনন্দের ছোঁয়া।

DID YOU
KNOW
?
পরপর পদক আমন সেহরাওয়াতের
২০২৩ সালে হাংঝাউ এশিয়ান গেমসে ব্রোঞ্জ জেতার পর এবারের এশিয়ান গেমসে সোনা জিতলেন আমন সেহরাওয়াত।

Asian Games 2026 Wrestling: ১৯৭৮ সালের পর প্রথমবার এশিয়ান গেমসের কোনও আসরে পুরুষদের ফ্রিস্টাইলে দু’টি সোনা জিতল ভারত। নাগোয়ায় (Nagoya) আমন সেহরাওয়াত (Aman Sehrawat) ও সুজিত কলকলের (Sujeet Kalkal) অসাধারণ লড়াইয়ের সুবাদে ৪৮ বছরের অপেক্ষার অবসান ঘটল। এবারের এশিয়ান গেমসে কুস্তিতে জোড়া সোনা-সহ মোট ছয় পদক জিতল ভারত। পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে তাজিকিস্তানের (Tajikistan) আবদুলমাজহিদ কুদিয়েভকে (Abdulmazhid Kudiev) হারিয়ে সোনা জেতেন সুজিত। শনিবার পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে উত্তর কোরিয়ার (North Korea) বিশ্বচ্যাম্পিয়ন চং সং হানকে (Chong Song Han) হারিয়ে সোনা জিতলেন আমন।

সোনার খরা কাটালেন সুজিত

এবারের এশিয়ান গেমসে সুজিত সোনা জেতার আগে পর্যন্ত ভারতের কোনও কুস্তিগীর সোনা জিততে পারেননি। পুরুষদের গ্রেকো-রোমান কুস্তির ৯৭ কেজি বিভাগে জাপানের (Japan) ইউরি নাকাজাতোর (Yuri Nakazato) কাছে হেরে রুপো পান নীতেশ সিওয়াচ (Nitesh Siwach)। ফাইনালে হেরে গেলেও, নজির গড়েন নীতেশ। তিনি ১৯৬২ সালের পর প্রথমবার এশিয়ান গেমসে গ্রেকো-রোমান কুস্তিতে ভারতকে পদক এনে দেন। মহিলাদের ৫৩ কেজি কুস্তির ফাইনালে জাপানের মেই মিয়োকার (Mei Miyooka) কাছে হেরে রুপো পান অন্তিম পাংহাল (Antim Panghal)। পুরুষদের ৯৭ কেজি কুস্তিতে মঙ্গোলিয়ার (Mongolia) গাঙ্কহুয়াং গ্যানবাতারকে (Gankhuyang Ganbataar) ২-১ হারিয়ে ব্রোঞ্জ জেতেন দীপক পুনিয়া (Deepak Punia)।

শেষপর্বে দেশের সম্মান বাড়ালেন সুজিত-আমন

এবারের এশিয়ান গেমসে ভারত গ্রেকো-রোমান কুস্তিতে সোনা না পাওয়ায় অনেকে ধরে নিয়েছিলেন, এবার কুস্তিতে সোনা আসবে না। তবে শেষপর্বে সুজিত ও আমন সোনা জিতলেন। এর ফলে ৪৮ বছর পর একই এশিয়ান গেমসে ভারতের দুই পুরুষ ফ্রিস্টাইল কুস্তিগীর সোনা জিতলেন। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের (LA 2028 Olympics) আগে এশিয়ান গেমসের এই সাফল্য ভারতীয় কুস্তিতে নতুন আশার সঞ্চার করছে। অলিম্পিক্সেও কুস্তি থেকে একাধিক পদক আসবে বলে আশায় সারা দেশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।