রাজ্য সপ্তম বেতন কমিশনের কাছে বেতন, ভাতা ও অবসরকালীন সুযোগ-সুবিধা নিয়ে মতামত জমা দেওয়ার সময়সীমা আবার বাড়ানো হয়েছে। শুক্রবার কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। কারা কমিশনের আওতায় থাকবেন আর কারা বাদ পড়বেন, সেই তালিকা চূড়ান্ত করতে গিয়েই কমিশন কার্যত হিমশিম খাচ্ছে। এই কারণেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত।
210
প্রথম দফায় মতামত চাওয়া হয়েছিল ২ সেপ্টেম্বর
কমিশন প্রথম মতামত চেয়েছিল গত ২ সেপ্টেম্বর। তখন ধরে নেওয়া হয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যেই সব পক্ষের বক্তব্য জমা পড়ে যাবে। কিন্তু পরে কমিশনের আওতাভুক্ত সংস্থার তালিকাতেই বদল আসায় গোটা প্রক্রিয়ার সময়সূচি বদলে যায়। ফলে প্রথম দফার সময়সীমা শেষ পর্যন্ত আর কার্যকর থাকেনি।
310
অর্থ দফতরের দু’টি বিজ্ঞপ্তিতেই বাড়ল জটিলতা
প্রথম দফার পর অর্থ দফতর দু’টি বিজ্ঞপ্তি জারি করে। তাতে নতুন কিছু সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মীদের কমিশনের আওতায় আনা হয় এবং কয়েকটি সংস্থাকে বাদ দেওয়া হয়। নতুন করে অন্তর্ভুক্ত সংস্থার কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মী এবং বিভিন্ন কর্মচারী সংগঠনের আবেদনের কথা মাথায় রেখেই কমিশন মতামত জমা দেওয়ার মডিউলটি ৩০ নভেম্বর দিন শেষ হওয়া পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।
কমিশন স্পষ্ট জানিয়েছে, মতামত জমা দিতে হবে শুধুমাত্র কমিশনের ওয়েবসাইট (https://7spc.wb.gov.in) মারফত। কাগজে ছাপানো হার্ড কপি, পিডিএফ বা ইমেলে পাঠানো কোনও প্রস্তাব বিবেচনাই করা হবে না। তাই যাঁরা বা যে সংগঠনগুলি নিজেদের বক্তব্য জানাতে চান, তাঁদের ৩০ নভেম্বরের মধ্যে ওই নির্দিষ্ট মডিউলেই আবেদন জমা দিতে হবে।
510
৫ নভেম্বরের প্রথম রেজ়োলিউশন
৫ নভেম্বর অর্থ দফতর দু’টি পৃথক রেজ়োলিউশন জারি করে। প্রথমটিতে রাজ্য সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির নিয়মিত অশিক্ষক কর্মী এবং তিনটি শিক্ষা বোর্ডের কর্মীদের বেতন কাঠামো ও চাকরির শর্ত পর্যালোচনার দায়িত্ব কমিশনকে দেওয়া হয়। অর্থাৎ এই অংশের কর্মীরা নতুন করে কমিশনের আওতায় এলেন।
610
১৪টি উন্নয়ন পর্ষদ ঢুকল, তিন সংস্থা বাদ
দ্বিতীয় রেজ়োলিউশনে ১৪টি উন্নয়ন পর্ষদ-সহ একাধিক সংস্থাকে কমিশনের আওতায় আনা হয়। একই সঙ্গে তিনটি সংস্থাকে বাদ দেওয়া হয়। সেগুলি হল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা পরিষদ এবং পশ্চিমবঙ্গ বৃত্তিমূলক শিক্ষা পরিষদ। এই অন্তর্ভুক্তি ও বাদ পড়ার তালিকাই এখন সময়সীমা বৃদ্ধির অন্যতম কারণ।
710
কমিশন গঠনের পর থেকেই উঠছিল প্রশ্ন
রাজ্যে নতুন বেতন কমিশন গঠনের পর থেকেই তার কর্মপদ্ধতি ও গতিপ্রকৃতি নিয়ে সরকারি কর্মচারী ও শিক্ষক সংগঠনগুলির মধ্যে নানা প্রশ্ন উঠছিল। অতীতেও দেখা গিয়েছে, কমিশন গঠনের পর সময়সীমা বেঁধে দেওয়া হলেও প্রশাসনিক জটিলতা এবং অন্তর্ভুক্তির তালিকার অস্পষ্টতার কারণে মেয়াদ দফায় দফায় বাড়াতে হয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ জমা পড়তেও দীর্ঘ সময় লেগেছিল, যা নিয়ে কর্মচারীদের অসন্তোষ চরমে উঠেছিল।
810
বিশ্বজিৎ গুপ্ত চৌধুরীর অভিযোগ, কাজ দীর্ঘায়িত করার প্রক্রিয়া
সিপিএম সমর্থিত সরকারি কর্মচারী কো-অর্ডিনেশন কমিটির বিশ্বজিৎ গুপ্ত চৌধুরীর বক্তব্য, কমিশনের নোটিফিকেশন জারি হওয়ার সাত দিনের মাথায় চেয়ারম্যান বদল হয়েছে। এরপর যে বিজ্ঞপ্তি বেরোয়, তাতে মধ্যশিক্ষা পর্ষদ-সহ আওতাভুক্ত সংস্থাদের বাইরে রাখা হয়। তাঁর দাবি, বহু আগেই সরকারকে জানানো হয়েছিল যে নাম বাদ গিয়েছে, অথচ ৩১ অক্টোবরের মধ্যে তা যুক্ত করা হয়নি। পরে যুক্ত করে সময় বাড়ানো আসলে কমিশনের কাজ দীর্ঘায়িত করারই প্রক্রিয়া বলে তাঁদের মনে হচ্ছে।
910
স্বপন মণ্ডলের কটাক্ষ, কমিশন নিজেই জানে না কারা আওতায়
‘বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি’র সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল কটাক্ষ করে বলেন, তাঁরা এই প্রথম এমন কোনও পে কমিশন দেখলেন, যারা কোন কোন দফতর বা সংস্থা তার আওতাভুক্ত সেটাই জানে না। সেই কারণে কমিশন গঠনের পর দু’বার নোটিস দিয়ে জানাতে হল কারা অন্তর্ভুক্ত হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশন আদৌ কাজ শেষ করতে পারবে কি না, তা নিয়েও তিনি গভীর সংশয় প্রকাশ করেছেন।
1010
পাল্টা দেবাশীষ শীল, নতুন সরকারকে সময় দিতে হয়
সমালোচনার জবাবে রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশীষ শীল বলেন, রাজ্য সরকারের বয়স মাত্র ছ’মাস, নতুন সরকারকে সময় দিতে হয়। ছ’মাসেই সমালোচনা করা গঠনমূলক সংগঠনের পরিচয় নয়। তাঁর মতে, পরে নথি জমা দিতে চাওয়া সংগঠনগুলির সুবিধার জন্য এবং প্রতিটি দফতরের মোট কর্মচারী ও শিক্ষক-শিক্ষিকার তথ্য সংগ্রহের জন্যই এক মাস সময় বাড়ানো হয়েছে। তিনি দাবি করেন, সপ্তম বেতন কমিশনের সুপারিশ বেরোবেই এবং সরকার তা কার্যকর করবে। তারপর বিরোধীদের আর কথা বলার জায়গা থাকবে না।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.