
Extra-marital Affair: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে গলা কেটে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম বীথিকা শাসমল (৩৩)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর মাঝের পাড়া অঞ্চলে। মঙ্গলবার রাতে ঘুমের মধ্যেই ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে বাপন শাসমল ওরফে তপনের বিরুদ্ধে। তারপরেই বাইক নিয়ে পালিয়ে যান অভিযুক্ত। তবে পালিয়ে গিয়েও লাভ হল না। বুধবার সকালে নিউটাউন থানা অঞ্চলে ধরা পড়ে যান অভিযুক্ত। সেখান থেকে বাসন্তী থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এই ঘটনাকে কেন্দ্র করে বাসন্তীতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বছর পনেরো আগে সন্দেশখালির বাসিন্দা বাপনের সঙ্গে বিয়ে হয় গোসাবার বাসিন্দা বীথিকার। তাঁদের একটি বছর ১৪ বয়সের কন্যাসন্তানও রয়েছে। বছর কয়েক ধরে বীথিকা একটি বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থায় কর্মরত। সেখানেই সহকর্মীদের সঙ্গে তাঁর মেলামেশা বা ভালোভাবে কথা বার্তা মেনে নিতে পারতেন না বাপন। এ নিয়েই সংসারে অশান্তি শুরু হয়। বিগত বেশ কয়েকমাস ধরে বীথিকাকে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগও রয়েছে বাপনের বিরুদ্ধে। সম্প্রতি কলকাতার কেষ্টপুর অঞ্চলে পরিবারের সবাই থাকলেও বীথিকা মেয়েকে নিয়ে কয়েকদিন আগে বাসন্তীতে দিদির বাড়িতে চলে আসেন। সেখানেই তাঁকে মঙ্গলবার গভীর রাতে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাপনের বিরুদ্ধে। এই ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।
জনপ্রিয় এক ডেটিং প্ল্যাটফর্ম ‘অ্যাসলে ম্যাডিসন’ কিছুদিন আগে এক সমীক্ষার ফল প্রকাশ করেছে। সেই সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতের ছোট শহরগুলিতে বিবাহ-বহির্ভূত সম্পর্কের চাহিদা বাড়ছে। ভারতের টিয়ার-টু শহরগুলিতে বিবাহিত পুরুষ ও মহিলাদের মধ্যে ডেটিং অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে বড় শহরগুলিতেও বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার ঝোঁক বাড়ছে। এর ফলে অপরাধমূলক ঘটনাও বাড়ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.