
2026 West Bengal Legislative Assembly election: বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণের পর ভবিষ্যৎবাণী করেছিলেন। বুধবার সকালে দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে গিয়ে ভোট দেওয়ার পর সরাসরি বিজেপি-র (BJP) আসন সংখ্যা বলে দিলেন তৃণমূল কংগ্রেসের (AITC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর দাবি, ‘বাংলার মানুষকে যেভাবে গত কয়েক বছরে নির্যাতন করা হয়েছে, তার ফল বিজেপি হাড়ে হাড়ে টের পাবে। ৪ মে যখন বাক্স খুলবে, দেখা যাবে বিজেপি ৫০-এর নিচে নেমে এসেছে। নানা জায়গায় বিজেপি হুমকি ও হুঁশিয়ারি দিয়ে ভোট করানোর চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ জানেন কী করতে হবে। এই দ্বিতীয় দফাতেই বিজেপির দফারফা হয়ে যাবে।’
ভোটে নিরাপত্তার স্বার্থে নির্বাচন কমিশন (Election Commission of India) যে কঠোর ব্যবস্থা নিয়েছে, তাতে অসন্তুষ্ট অভিষেক। তিনি ব্যঙ্গ করে বলেছেন, 'ভারতীয় সেনার (Indian Army) রাফাল (Rafale) আর যুদ্ধজাহাজ মোতায়েন করা শুধু বাকি আছে। ওটাও করে দিন না! বাংলাদেশ (Bangladesh) এবং পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে যা করা উচিত তা আপনারা বাংলার বিরুদ্ধে করছেন। দ্বিতীয় দফাতেই দফারফা হবে বিজেপি। বিশেষ পর্যবেক্ষকের কি এক্তিয়ার রয়েছে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করার? তাঁরা তো নির্বাচন কমিশনকে রিপোর্ট দেবেন। এসব করে কোনও লাভ হবে না। তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরবে। ২০২১ সালের চেয়েও বেশি ভোট নিয়ে ক্ষমতায় আসছে তৃণমূল।'
ফলতায় পুলিশ পর্যবেক্ষক হিসেবে আসা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে (Ajay Pal Sharma) আক্রমণ করে অভিষেক বলেছেন, 'উত্তরপ্রদেশ থেকে এক অফিসার নিয়ে আসা হয়েছে ফুটেজ খেতে। নিজের ফুটেজ বেরিয়ে গিয়েছে। নির্বাচনের রুল বুক মেনে কাজ করছেন না পর্যবেক্ষকরা। এই সব কোনও ট্রিকই কাজ করবে না। ব্যালট খুললে ছবি স্পষ্ট হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস আরও বেশি ভোট ও সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।